কান্নাজড়িত কণ্ঠে পদত্যাগের ঘোষণা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর

  •  সরকারপ্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রো
  • সোমবার বেলজিয়ামের রাজা ফিলিপের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করবেন তিনি
আপডেট : ১০ জুন ২০২৪, ১২:৩২ পিএম

ইইউ নির্বাচনে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রো। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় তিনি এ ঘোষণা দেন।

এ ঘোষণার সময় আবেগতাড়িত হয়ে পড়েন ক্রো। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এটা খুবই কঠিন একটি সন্ধ্যা।’

সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও দ্যা গার্ডিয়ান।

রোববার ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় নির্বাচন শেষে বুথফেরত জরিপের ফলাফল অনুযায়ী অভ্যন্তরীণভাবে দেশটির বৃহত্তম উগ্র ডানপন্থী ভ্লামস বেলাং পার্টি বেশ ভালো করেছে। যদিও প্রত্যাশা পূরণে বেশ পিছিয়ে রয়েছে দলটি।

অন্যদিকে আলেক্সান্ডার ডি ক্রোর নেতৃত্বে সাত দলের ক্ষমতাসীন জোট নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে না বলে মনে করা হচ্ছে।

মূলত এসব কারণে সরকারপ্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন আলেক্সান্ডার দ্য ক্রো। তিনি নিউ ফ্লেমিশ অ্যালায়েন্স (এন-ভিএ), ভ্লামস বেলাং পার্টি ও ভুরুইত পার্টিকে অভিনন্দন জানিয়েছেন।

তবে হতাশাজনক ফলাফল সত্ত্বেও, ডি ক্রো উদারপন্থীদের ভবিষ্যত সম্পর্কে আশাবাদী। তিনি বলেন, আমরা শক্তিশালী হয়ে ফিরে আসব।"

দ্যা গার্ডিয়ানের তথ্যমতে, সোমবার ব্রাসেলসের রাজপ্রাসাদে বেলজিয়ামের রাজা ফিলিপের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করবেন আলেক্সান্ডার ডি ক্রো। তবে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত