গ্লোবাল ফ্যাটি লিভার দিবসের নেপথ্যে ছিলেন দুই বাংলাদেশিও

আপডেট : ১৪ জুন ২০২৪, ১২:০৪ এএম

বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশেও বৃহস্পতিবার (১৩ জুন) পালিত হয় 'গ্লোবাল ফ্যাটি লিভার ডে'। ২০১৮ সালে প্রথমবারের মতো এই দিবসটি উদযাপনের সূচনা হয়। এই দিবসের যাত্রার সঙ্গে মিশে আছে বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের (স্বপ্নীল) নাম। এছাড়াও ছিলেন জাপান প্রবাসী আরেক বাংলাদেশি লিভার বিশেষজ্ঞ ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর।

এই দিবসটির সূচনা হয় সারা পৃথিবী থেকে বাছাই করা ১৫০ জন ব্যক্তির স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতির মাধ্যমে। ওয়াশিংটন, প্যারিস ও লন্ডন থেকে একসঙ্গে প্রচারিত হয়েছিল সেই বিবৃতি।

বিবৃতিতে যারা সাক্ষর করেন তারা সবাই দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ফ্যাটি লিভার নিয়ে কাজ করছিলেন। প্রথমবার বিশ্বের ২৫ টি দেশে দিবসটি পালন করা হয়। ওয়াশিংটন, প্যারিস ও লন্ডন থেকে একসঙ্গে প্রচারিত হয়েছিল এই প্রেস রিলিজটি।

এ বিষয়ে জানতে চাইলে ডা. মামুন আল মাহতাব দেশ রূপান্তরকে বলেন, বিশ্বের প্রায় ১৫০ জন লিভার বিশেষজ্ঞ স্বাক্ষরিত একটি বিবৃতি একসাথে প্রচারিত হয়েছিল ওয়াশিংটন, প্যারিস ও লন্ডন থেকে। এর উদ্যোক্তা ছিল ইটালিভিত্তিক গ্লোবাল লিভার ইনস্টিটিউট। সেই থেকে 'গ্লোবাল ফ্যাটি লিভার ডে' উদযাপন শুরু। প্রথমে যেটার নাম ছিল 'ইন্টারন্যাশনাল ন্যাশ ডে'। বাংলাদেশ থেকে এই বিবৃতিটিতে একমাত্র স্বাক্ষরকারী হওয়ার আমন্ত্রণ পেয়েছিলাম আমি। ছিলেন আর মাত্র একজন বাঙালি, জাপান প্রবাসী লিভার বিশেষজ্ঞ ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর।

তিনি বলেন, মুজিব বর্ষে আমার অনুরোধে, গ্লোবাল লিভার ইনস্টিটিউটের অনুমোদনক্রমে ২০২০ ও ২০২১ সালে দিবসটি উদযাপিত হয় বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল ন্যাশ ডে হিসেবে।

 ডা. মামুন আল মাহতাব দীর্ঘদিন ধরে লিভার নিয়ে গবেষণা করছেন। একদিকে লিভার রোগের চিকিৎসা ও অন্যদিকে লিভার বিষয়ে গবেষণার কারণে তিনি ব্যাপকভাবে সমাদৃত। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান। সম্প্রতি তাকে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ৫ম পদ্মা গঙ্গা গোমতি লিভার সম্মেলনে সংবর্ধনা প্রদান করা হয়।

বাংলা ভাষায় লিভার চর্চা আর লিভারের সর্বাধুনিক চিকিৎসাগুলো বাঙালী লিভার রোগীদের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ভারত ও বাংলাদেশের চিকিৎসক-গবেষকরা মিলে গঠন করেছেন বাংলা লিভার ককাস (বালিকা)।

এটি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরাসহ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি লিভার বিশেষজ্ঞ, লিভার বিষয়ে আগ্রহী বাঙালি বিশেষজ্ঞ, লিভার বিষয়ে গবেষণায় আগ্রহী বাঙালি বিজ্ঞানী ও লিভার রোগ সম্বন্ধে সচেতনতা সৃষ্টিতে আগ্রহী বাঙালি সমাজকর্মীদের একক, সমন্বিত প্ল্যাটফর্ম ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত