বিএনপির চার মহানগর ও যুবদলের কমিটি বিলুপ্ত

আপডেট : ১৪ জুন ২০২৪, ১১:৪৩ এএম

ঢাকা মহানগর উত্তর, দক্ষিণসহ চারটি মহানগরে বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অন্য দুটি কমিটি হলো চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি। একই সঙ্গে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) রাত ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর আহ্বায়ক কমিটিও বিলুপ্তি করা হয়েছে। পাশাপাশি সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চার মহানগরের আহ্বায়ক কমিটি ও যুবদলের কেন্দ্রীয় কমিটি পরে ঘোষণা করা হবে।

ছাত্রদলের চার কমিটি বিলুপ্ত

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম শাখা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই এই চারটি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত