৭৮তম জন্মদিনে বাইডেনের বার্ধক্য নিয়ে কটাক্ষ ট্রাম্পের

আপডেট : ১৪ জুন ২০২৪, ০৯:৫৫ পিএম

৮১ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্ধক্যকে নির্বাচনী প্রচারের প্রধান বিষয়বস্তু করেছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সাবেক এই প্রেসিডেন্ট শুক্রবার (১৪ জুন) ৭৮তম জন্মদিন উদযাপন করছেন। এর আগে নিজেকে বাইডেনের শক্তিশালী বিকল্প হিসেবে তুলে ধরতে একাধিকবার তাকে ‘বেসামাল’ বলে মন্তব্য করেছেন তিনি।

প্রায় প্রতিদিনই বাইডেনের বিভিন্ন অনুষ্ঠানে হোঁচট খাওয়া, তোতলানো বা কথা বলার সময় ভুলে যাওয়া নিয়ে ভিডিও প্রকাশ করে ট্রাম্পের প্রচারশিবির। তাদের দাবি, বাইডেন যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কার্যকর নন, এসব ভিডিও তারই প্রমাণ। তবে ট্রাম্প শিবিরের এসব ভিডিও বেশিরভাগই সম্পাদনা করা ও বাস্তবতার সঙ্গে কোনো মিল থাকে না।

বাইডেনের বয়স নিয়ে খোঁচা দেওয়া হলেও অনেকেই ভুলে যান তার চেয়ে মাত্র সাড়ে তিন বছরের ছোট ট্রাম্প। বৃহস্পতিবার ফ্লোরিডায় জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করেন ট্রাম্প। তার পাঠানো আমন্ত্রণপত্রে লেখা হয়, ‘আমেরিকার এ যাবৎকালের শ্রেষ্ঠ প্রেসিডেন্টের জন্মদিন উদযাপনে আমাদের সঙ্গে যোগ দিন।’ এতে মার্কিন পতাকার আদলে পোশাক পরে অতিথিদের আসতে বলা হয়।

বাইডেনের সমস্যা নিয়ে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের সরকারবিষয়ক প্রভাষক ম্যাথু ফস্টার বলেন, শারীরিক সক্ষমতার ক্ষেত্রে বাইডেনের উল্লেখযোগ্য কিছু পার্থক্য চোখে পড়ে। কারণ তাকে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। ট্রাম্পের ক্ষেত্রে কাজের সময়ের ধরাবাঁধা নিয়ম নেই। তিনি জনসমক্ষে বেশি থাকেন। সমর্থকদের সামনে দীর্ঘক্ষণ ভাষণ দেন , অসংলগ্ন কথা বলেন।

এদিকে রাষ্ট্রপ্রধান হিসেবে বাইডেনকে বেশ কিছু মেডিকেল টেস্ট করাতে হবে। কিন্তু ফাস্টফুডের ভক্ত হিসেবে পরিচিত ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে বছরের পর বছর ধরে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এতে ট্রাম্প বা বাইডেন যিনিই নির্বাচিত হন, তিনিই সবচেয়ে বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট হবেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত