সেন্টমার্টিন পরিস্থিতি

লেভেল অন্যদিকে গেলে সমুচিত ব্যবস্থা নেব: সেনাপ্রধান

আপডেট : ১৫ জুন ২০২৪, ০৮:৫৪ পিএম

বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে সেনাবাহিনীর প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের দেশে যদি বহিঃশত্রু আক্রমণ করে সেটাকে আমরা প্রতিহত করবো।

তিনি বলেন, বর্ডার ভায়োলেন্স হচ্ছে তার জন্য বর্ডার গার্ড, কোস্ট গার্ড আছে, তারা বিষয়টা তদারকি করছে। আমরা সেনাবাহিনী প্রস্তুত আছে, এর চেয়ে লেভেল অন্যদিকে গেলে সমুচিত ব্যবস্থা আমরা নেব।

আজ শনিবার (১৫ জুন) দুপুরে শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ রাসেল সেনানিবাসে একটি ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান এসব কথা বলেন।

তিনি বলেন, ফোর্সেস গোল ২০৩০ সাল বাস্তবায়নের লক্ষে ও বাংলাদেশ সেনাবাহিনী আধুনিকায়নে এগিয়ে যাচ্ছে। তারই প্রতিফলন  ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন। বাংলাদেশ সেনাবাহিনী প্রদত্ত দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। সেই কাজে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে বলে জানান সেনা প্রধান।

তিনি আরও বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিরক্ষা নীতির আলোকে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় প্রণীত হয় 'ফোর্সেস গোল- ২০৩০'। আজকের এই পতাকা উত্তোলনের মাধ্যমে 'ফোর্সেস গোল-২০৩০' এর আরেক ধাপ বাস্তবায়িত হলো।

এ সময় লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, শরীয়তপুর-২ আসনের সাংসদ একেএম এনামুল হক শামীম, শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ, পুলিশ সুপার মাহবুবুল আলমসহ অনুষ্ঠানে সেনাসদরের জ্যৈষ্ঠ সামরিক কর্মকর্তাগণসহ জেনারেল অফিসার কমান্ডিং ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া, সেনাসদর ও সাভার এরিয়ার উর্ধ্বতন সেনা কর্মকর্তাগণসহ অন্যান্য অফিসার, জেসিও, অন্যান্য পদবির সেনাসদস্যবৃন্দ, অসামরিক কর্মচারীবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত