টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিতের ম্যাচে আজ সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮০ রান তুলেছিল স্কটল্যান্ড। টি-টোয়েন্টিতে ১৮১ রানের লক্ষ্য যে কোন দলের জন্যই কঠিন।
দলীয় ৬০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল অজিরা। শেষ ৫ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ৬০ রান। ইনিংসের ১৬তম ওভারে টানা তিন ছক্কা হাঁকিয়ে লক্ষ্যটা সহজ করলেন ওপেনিংয়ে নামা ট্রাভিস হেড। চতুর্থ বলে হেড (৪৯ বলে ৬৮) ফিরলেও, বাকি কাজটা করেন স্টয়নিস আর টিম ডেভিড।
স্টয়নিস ২৯ বলে ৫৯ রান করে ফিরলেও টিম ডেভিড ১৪ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। স্টয়নিসের ইনিংসে ছিল ৯ চার, ২ ছক্কা। অস্ট্রেলিয়া ২ বল হাতে রেখে ম্যাচ জিতেছে ৫ উইকেটে। অস্ট্রেলিয়ার এই জয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল স্কটল্যান্ড। আর সুপার এইটে উঠলো ইংল্যান্ড।
গতকাল রাতে নামিবিয়াকে বৃষ্টি আইনে হারিয়ে নিজেদের কাজটা করে রাখে ইংল্যান্ড। স্কটল্যান্ড ও ইংল্যান্ডের চার ম্যাচ থেকে পয়েন্ট সমান ৫। তবে নেট রান রেটে এগিয়ে থেকে সুপার এইটে গেল ইংলিশরা। বি গ্রুপ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া।
টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ৩ রানে প্রথম উইকেট হারায় স্কটিশরা। দ্বিতীয় উইকেটে জর্জ মানসি ও ব্র্যান্ডন ম্যাকমুলেন ৮৯ রানের জুটি গড়েন। মানসি ২৩ বলে ৩৫ ও ম্যাকমুলেন ৩৪ বলে ৬০ রান করে ফেরেন। ম্যাকমুলেনের ইনিংসে ছিল ২ চার ও ৬ ছক্কা।
এরপর রিচি বেরিংটনের ৩১ বলে অপরাজিত ৪২ রানে লড়াইয়ের পুঁজি পায় স্কটল্যান্ড।
ম্যাচসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস।
