১৯৯৪ সালে প্রবেশ আর ২০২৪ এ বিদায় জীবনের ত্রিশটি বছর কেটেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার কাজে। সোনালি এ সময়কে বেঁধে রাখতে তাই মহান এ শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে দেওয়া হলো রাজসিক বিদায়।
দীর্ঘ ৩০ বছর ৪ মাস একই বিদ্যালয়ে শিক্ষকতা শেষে সম্প্রতি অবসরে গেছেন সাতক্ষীরার কালিগঞ্জের তারালী ইউনিয়নের ৮০ নম্বর তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুজার গাফ্ফারী (৫৯)। দীর্ঘ এ সময়ে তার আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়টি লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনসহ সবক্ষেত্রে ব্যাপক সুনাম অর্জন করেন তিনি। আর সে কারণেই গুণী ওই শিক্ষকের অবসরজনিত বিদায়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের।
স্বর্ণাক্ষরে লেখা সম্মাননা স্মারকসহ হরেক রকম উপহার প্রদানের পর ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাকে পৌঁছে দেওয়া হয় বাড়িতে।
শনিবার (১৫ জুন) সকাল ১১টায় তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন।
প্রাক্তন শিক্ষার্থী পবিত্র স্বর্ণকার ও সেলিম আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা শওকাত আফি, তারালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, স্থানীয় ইউপি সদস্য প্রসাদ কুমার সরকার প্রমুখ।
অনুষ্ঠানে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, নলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি এসএম গোলাম রহমান, বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তফা কামাল লাচ্চু, প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাধন স্বর্ণকার, বিশ্ববরেণ্য ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের বাবা আবুল কাশেম গাজীসহ প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা প্রধান শিক্ষক আবুজার গাফ্ফারীর কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।
প্রসঙ্গত, ১৯৯৪ সালের ২ ফেব্রুয়ারি তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন আবুজার গাফ্ফারী।
স্কুলের প্রাক্তণ শিক্ষার্থী শান্ত বলেন, প্রাথমিক বিদ্যালয় হচ্ছে একাডেমিক শিক্ষা জীবনের প্রথম ভিত্তি। এখানে একজন প্রধান শিক্ষক হচ্ছে ছাত্রছাত্রী ও শিক্ষকদের অভিভাবক। তার এমন রাজসিক বিদায় তার জন্য যতটা সম্মানের আমাদের সবার জন্যও ততটা সম্মানের।
