পশু কোরবানি করতে গিয়ে ঢাকায় আহত ৩০০

আপডেট : ১৭ জুন ২০২৪, ১০:৪১ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানি ও মাংস কাটার সময় বিভিন্নভাবে আহত হয়ে রাজধানীর দুই হাসপাতালে ৩০০ জন চিকিৎসা নিয়েছেন।

এর মধ্যে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত দেড় শতাধিক। আহতের ঘটনাগুলো ঢাকাসহ আশপাশের এলাকার। আর আহতদের মধ্যে বেশিরভাগই মৌসুমি কসাই ও কোরবানি দাতা এবং তাদের স্বজন। সোমবার (১৭ জুন) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রায় ১৫০ রোগী চিকিৎসা নিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নির্ঝর বিশ্বাস জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত  ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে রোগী এসেছেন। এদের মধ্যে সিংহভাগই কোরবানির মাংস কাটতে গিয়ে হাত, পা কেটে গেছে। এরমধ্যে নুরুল ইসলাম (৬৯) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ মো. মাসুদ জানান, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল ৪টার মধ্যে ১৫০ জন কোরবানির গরু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত হয়ে তারা চিকিৎসা নিয়েছেন। তবে আহতদের সংখ্যা বাড়তে থাকবে। এই আহতদের মধ্যে এই পর্যন্ত মৌসুমি কসাইয়ের সংখ্যা বেশি।

পুরান  ঢাকার চকবাজার এলাকা থেকে গরু কাটার সময় নাজিম নামে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি জানান, একজন হুজুর দিয়ে গরু জবাইয়ের সময় তার হাতে আঘাত লাগে। এতে অনেকাংশ কেটে গেছে।

ঢাকা মেডিকেলের পাশাপাশি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসা নিয়েছেন আরও ১৫০ জন। নিটোরের পরিচালকের একান্ত সহকারী মো. জয়নুদ্দিন প্রথম আলোকে বলেন, পশু কোরবানি করতে আহত অন্তত ১৫০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত