অস্ট্রেলিয়াকে হারিয়েছি হারানো যায়

আপডেট : ২০ জুন ২০২৪, ০১:০২ এএম

অস্ট্রেলিয়া আক্রমণাত্মক ক্রিকেট খেলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে হলে প্রথম থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। প্রথম বল থেকেই আক্রমণাত্মক মনোভাব দেখানো, আক্রমণাত্মক ক্রিকেট খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিশ্বকাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কন্ডিশন। কন্ডিশনটা সবসময় আক্রমণাত্মক ক্রিকেটের সঙ্গে যাচ্ছে না। আমরা এখনো জানি না অ্যান্টিগার উইকেট কেমন হবে। এর আগের ম্যাচগুলোর চেয়ে অ্যান্টিগার উইকেট ভিন্ন রকম হতে পারে। আমি যে রকম দেখে এসেছি এখন অ্যান্টিগার উইকেট সে রকম নাও হতে পারে। সেক্ষেত্রে ভয়ডরহীন ক্রিকেট খেলাটা ছাড়া খুব একটা উপায়ও নেই, অস্ট্রেলিয়াকে হারাতে হলে আগ্রাসী ক্রিকেটই খেলতে হবে। তবে যে রকম উইকেট আমরা দেখছি, কন্ডিশন যদি এ রকমই থাকে তাহলে ভয়ডরহীন ক্রিকেটের সঙ্গে বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলাটাও জরুরি।

কন্ডিশনটা ঠিকমতো ব্যবহার করাটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার হচ্ছে শরীরী ভাষা, অস্ট্রেলিয়ার বিপক্ষে শরীরী ভাষাটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তারা খুব কঠিন প্রতিপক্ষ, তাদের জবাব দিতে হবে তাদেরই ভাষায়। জয়ের ব্যাপারে দৃঢ় বিশ্বাস থাকাটাও খুব বড় বিষয়। অনেক সময় অনেক দলকে আমরা খুব বড় করে দেখি। কিন্তু টি-টোয়েন্টিতে কোনো একটা নির্দিষ্ট দিনে অতীত পরিসংখ্যান এবং দলের সামর্থ্য এ সবের হিসাবও উলটে পালটে যায়। টি-টোয়েন্টিতে সবসময় সমান দিন যায় না। নিজেদের দিনে যে কোনো দলই যে কোনো দলকে হারিয়ে দিতে পারে।

আমি আশা করব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ অপরিবর্তিত একাদশই মাঠে নামাবে। খুব প্রয়োজন হলে হয়তো জাকের আলি অনিকের পরিবর্তে শেখ মেহেদি হাসানকে খেলানো যেতে পারে, তাহলে বাড়তি একজন স্পিনার বিকল্প হিসেবে অধিনায়কের হাতে থাকবে। তবে জাকের আলির ব্যাটিংটাও গুরুত্বপূর্ণ। পরিবর্তন হলে এটাই হতে পারে, এর বাইরে আমি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না।

শরিফুল (ইসলাম)-কে একাদশে দেখছি না এই মুহূর্তে। এটা খুবই দুঃখজনক। সে গত এক বছর ধরেই আমাদের সেরা বোলার। তবে যেহেতু দলে যারা আছে মোস্তাফিজ, তাসকিন এবং তানজিম সাকিব তারা সবাই খুব ভালো ফর্মে আছে।

লেগস্পিন আমরা ভালো খেলি না, এটা সত্যি। অ্যাডাম জাম্পা আমাদের বিপক্ষে যখনই খেলেছে, ভালো বোলিং করেছে। তাকে খেলতে আমাদের ব্যাটসম্যানদের কষ্ট হয়েছে। তবে বিশ্বকাপের মতো মঞ্চে এলে এত সতর্ক হওয়ার মতো কিছু নেই। অস্ট্রেলিয়ার বাকি বোলাররাও ভালো। এখানে ৪ ওভার দেখে খেলে বাকি ৪ ওভারে রান করব এই সব ভাবার সুযোগ নেই। আমার মনে জাম্পার বিপক্ষে ইতিবাচক থাকা, ইতিবাচক ক্রিকেট খেলাটাই হবে গুরুত্বপূর্ণ।

কত রান নিরাপদ হবে বা কত রান তাড়া করে বাংলাদেশের পক্ষে জেতা সম্ভব এর পুরোটাই নির্ভর করে কন্ডিশনের ওপর। যদি সেন্ট ভিনসেন্টের মতো উইকেট হয়, তাহলে ১৫০ রানই খুব ভালো। কিন্তু উইকেট যদি ভালো হয়, যেমন গতকাল (দক্ষিণ আফ্রিকা-ইউএসএ) যেমন খেলা হয়েছে সে রকম কন্ডিশন হলে ১৭০-এর নিচে রাখতে পারলে আমাদের জন্য ভালো। ১৭০ রানের বেশি হয়ে গেলে আমাদের জন্য সেই রানটা তাড়া করা কঠিন হয়ে যাবে।

**সাবেক অধিনায়ক, তার নেতৃত্বেই কার্ডিফে ২০০৫ সালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত