পাহাড় ধসে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ প্রাণ গেল মুয়াজ্জিনের

আপডেট : ২১ জুন ২০২৪, ১০:৪৪ এএম

কক্সবাজার শহরের বাদশাঘোনায় পাহাড় ধসে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী নিহত হয়েছেন। শুক্রবার (২১ জুন) রাত সাড়ে তিনটার দিকে শহরের বাদশা ঘোনায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমুনা আক্তার। মাত্র ৭ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। তাদের এই অকাল মৃত্যুতে শোকাহত বাদশা ঘোনা এলাকার মানুষ এবং তাদের আত্মীয়স্বজন। 

প্রতিবেশী এবং স্বজনরা জানিয়েছেন, রাতভর বৃষ্টির কারণে হঠাৎ ভোররাতে পাহাড় ধসে পড়ে। তখন ফায়ার সার্ভিস এবং পুলিশকে বারবার কল করা হলেও কয়েকঘণ্টা চেষ্টা করেও কেউ সাড়া দেয়নি। পরে স্থানীয়রা মাটি কেটে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

নিহতের চাচা আবদুল্লাহ অভিযোগ করে বলেন, পাহাড় ধসের বিষয়টি জানার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও কক্সবাজার দমকল বাহিনীকে অনেকবার কল দেওয়া হয়। কিন্তু তাদের সাড়া না পেয়ে স্থানীয়রা মাটি সরায়। চালের টিন সরাতে গিয়ে একজনের হাত ও আরেকজনের পা কেটে গেছে। পরে দমকল বাহিনীর সদস্যরা হাসপাতালে এসে মরদেহ ও ঘটনাস্থলের ছবি নিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু বলেন, পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এটা আমার এলাকার মধ্যে পড়েনি। ১০ নং ওয়ার্ডের আওতায় পড়েছে।

১০ নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির বলেন, আমার এলাকায় পাহাড় ধসে দুই জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

এদিকে, কয়েকদিন ধরে ভারি বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। বুধবার (১৯ জুন) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে ১০ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ২ জন স্থানীয় এবং ৮ জন রোহিঙ্গা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত