কক্সবাজার শহরের বাদশাঘোনায় পাহাড় ধসে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুন) দিনগত রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাদশাঘোনা-খাজামনজিল এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (২১ জুন) সকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, হাফেজ মো. আনোয়ার হোসেন (২৩) ও তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মায়মুনা আক্তার (১৮)। আনোয়ার হোসেন বাদশাঘোনার প্রবাসী নজির আহাম্মদের ছেলে। তিনি স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তারা ৭ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির বলেন, আমার এলাকায় পাহাড় ধ্বসে দুইজনের মৃত্যু হয়েছে। তিনি জানিয়েছেন, রাতভর বৃষ্টির কারণে হঠাৎ ভোররাতে পাহাড় ধ্বসে পড়ে। তখন ফায়ার সার্ভিস এবং পুলিশকে খবর দেয়া হয়। কিন্তু তারা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় লোকজন মাটি সরিয়ে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, দুজনকে মাটিচাপা থেকে উদ্ধার করে জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালে পৌঁছার আগেই তারা মারা যান। মরদেহ মর্গে রয়েছে।
এর আগে বুধবার (১৯ জুন) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের স্থানীয় দুজনসহ ১০ জনের মৃত্যু হয়।
