সু চি সুস্থ আছেন: জান্তা মুখপাত্র

আপডেট : ২১ জুন ২০২৪, ০৬:২৩ পিএম

মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ‘সুস্থ’ আছেন বলে জানিয়েছেন জান্তা মুখপাত্র জ মিন তুন। সামরিক হেফাজতে থাকা সু চির জন্মদিন ছিল গত বুধবার। এ বছর ৭৯-তে পা রাখলেন তিনি।

সু চিকে তিন বছরের বেশি সময় ধরে বন্দি করে রেখেছে জান্তা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। বর্তমানে নোবেলজয়ী এই নেত্রী আদালতের দেওয়া ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

জান্তা মুখপাত্র জ মিন তুন বলেছেন, ‘আমি যতদূর জানি তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। আমরা আগে তার থাকার জন্য যে স্থানটির ব্যবস্থা করেছিলাম তিনি সেখানেই আছেন।’

সু চিকে রাজধানী নেপিদোর একটি বিশেষ কারাগারে আটক রাখা হয়েছে। তবে বর্তমানে তিনি কোথায় আছেন তা স্পষ্ট করেননি জান্তা মুখপাত্র।

গত এপ্রিলে নেপিদোর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস উঠলে জান্তা জানিয়েছিল সু চির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মিয়ানমারে ব্যাপক জনপ্রিয় সু চিকে অভ্যুত্থানের পর থেকে লোকচক্ষুর আড়ালে রাখা হয়েছে। আদালতের কার্যক্রম চলাকালে শুধুমাত্র রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তোলা ছবিতে দেখা গেছে তাকে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কয়েক মাস ধরে বিচার চলাকালে সু চির মাথা ঘুরছিল, বমি হচ্ছিল এবং মাঝে মাঝে দাঁতে সংক্রমণের কারণে তিনি খেতে পারছিলেন না। তার ছেলে কিম এরিস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মায়ের বয়স ও স্বাস্থ্যগত সমস্যা থাকায় তিনি তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত