ঢাকা-নবাবগঞ্জ সড়কে মুন্সীগঞ্জের সিরাজদীখানে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আরও চারজন আহত হয়।
শনিবার (২২ জুন) সকাল ১০টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হতাহত সবাই সিএনজির যাত্রী।
নিহতরা হলেন, ঢাকার দোহার উপজেলার সাতভিটা গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে আব্দুর রহমান (৫৮) ও একই উপজেলার ইসলামপুর খলপাড়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে মো. শাহীন মিয়া (২৬)।
সিরাজদীখান উপজেলার শেখরনগর তদন্ত কেন্দ্রের এসআই জসিম উদ্দিন জানান, নবাগঞ্জ থেকে যাত্রীবোঝাই করে একটি বাস ঢাকায় যাচ্ছিল। বিপরীত থেকে নবাবগঞ্জ যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশা। পথে খারশুর গ্রামে আসলে বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশার ৬ যাত্রী গুরুতর আহত হয়। তাদের ঘটনাস্থলের কাছের নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ বাস ও অটোরিকশা আটক করেছে।
