পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে গ্রুপ সেরা জার্মানি

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৮:০৩ এএম

স্কটল্যান্ড আর হাঙ্গেরিকে হারিয়ে ইউরোর শেষ ষোলো আগেই নিশ্চিত করেছিল জার্মানি। তাই সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যেতে এই ম্যাচটি ছিল মহাগুরুত্বপূর্ণ। 

এমন ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে হার এড়িয়ে গ্রুপসেরা হয়েই পরের পর্বে গেল জার্মানি। ৯২ মিনিটে বদলি খেলোয়াড় নিকলাস ফুলক্রুগের গোলে ১–১ গোলে ড্র করেছে জার্মানরা।

আগের দুই ম্যাচে দুর্দান্ত খেলা জার্মানিকে আজ বেশ চ্যালেঞ্জের মুখে ফেলেছিল সুইসরা। জমাট রক্ষণে জার্মান আক্রমণভাগকে চাপেই রেখেছিল তারা। একপর্যায়ে জার্মানদের হার নিশ্চিতই মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত বরুসিয়া ডর্টমুন্ড তারকা ফুলক্রুগই ত্রাতা হয়ে বাঁচিয়েছেন জার্মানিকে। 

ফ্রাঙ্কফুর্টে ম্যাচের তৃতীয় মিনিটেই কর্নার থেকে গোলের সুযোগ পায় জার্মানি। তবে সুযোগটি কাজে লাগাতে পারেনি তারা। শুরু থেকে জার্মানি বলের দখল রেখে খেললেও, সুইজারল্যান্ড ছিল বেশ সতর্ক।

ম্যাচ যখন শেষ বাঁশি বাজার অপেক্ষায় তখনই দারুণ এক গোলে জার্মানির হয়ে ম্যাচে সমতা ফেরান ফুলক্রুগ। এই গোলই জার্মানিকে গ্রুপসেরা হিসেবে নিয়ে গেল শেষ ষোলোয়।

এ ড্রয়ে গ্রুপ ‘এ’  থেকে ৭ পয়েন্ট নিয়ে পরের পর্বে গেল জার্মানি। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে সুইজারল্যান্ড। অন্য ম্যাচে শেষ মুহূর্তের গোলে স্কটল্যান্ডকে ১–০ গোলে হারিয়েছে হাঙ্গেরি। এ জয়ে হাঙ্গেরির তৃতীয় সেরা দলগুলোর একটি হয়ে পর্বের যাওয়ার সুযোগ এখনো আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত