সবার মুখোশ খুলবে ‘ইমার্জেন্সি’: কঙ্গনা

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৭:৩০ পিএম

‘বিরোধীরা পার্লামেন্টের মধ্যে সংবিধানকে হাতে নিয়ে যে কাণ্ড করছে, নাটক করছে তার সব কালো মুখোশগুলো খুলবে ৬ সেপ্টেম্বর’—মুক্তি পেতে যাওয়া ‘ইমার্জেন্সি’ সিনেমা প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই বলেন কঙ্গনা রানাউত।

নানা বাহানার পর অবশেষে আগামী ৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘ইমার্জেন্সি’ সিনেমা। এতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। ছবির প্রথম ঝলক সামনে আসার পর থেকেই নজর কেড়েছিলেন কঙ্গনা। এবার সেই ইমার্জেন্সিই মুক্তির অপেক্ষায়।

এসময় কঙ্গনা বলেন, ‘ছবিটি তৈরি করার সময় আমাকে কত রকম বাধার মুখে পড়তে হয়েছে। কত হেনস্তা করেছিল সবাই। আমি আমার বাড়ি, গয়না বন্দক রেখে ছবিটা তৈরি করেছি। রাজীব গান্ধী যে বই প্রকাশ করেছিল এবং গান্ধী পরিবারের কাছ থেকে যা তথ্য পেয়েছি, তার উপর নির্ভর করেই এই ছবি তৈরি হয়েছে। এদের সবার মুখোশ ৬ সেপ্টেম্বর খুলে দেবে ইমার্জেন্সি।’

প্রসঙ্গত, ‘ইমার্জেন্সি’ ছবিতে ইন্দিরা গান্ধির ভূমিকায় অভিনয় করে বিজেপির প্রার্থীপদ পাওয়ার পর সেই বিষয়টি নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছিল কঙ্গনা। নেটিজেনদের সোজাসাপটা প্রশ্ন রেখেছিলেন, ‘ভোটে দাঁড়িয়েছেন বিজেপির টিকিটে, আর সিনেমার পর্দায় ইন্দিরা গান্ধি! এ কেমন দ্বিচারিতা?’ এমন কটাক্ষের ক্ষেত্রে কিন্তু একেবারেই চুপ থাকেননি কঙ্গনা। বরং পালটা জবাব দিয়ে চুপ করিয়েছেন নিন্দুকদের।

অভিনেত্রী বলেছিলেন, একজন নারী হয়ে বরাবরই নারীদের প্রতি আমার সহানুভূতি রয়েছে। সেটা ইন্দিরা গান্ধী হোক কিংবা অন্য কেউ। নারীদের লড়াই সবসময় আমাকে অনুপ্রেরণা দেয়। আমি শক্তি পাই। তাই এ ধরনের চরিত্রে সিনেমার পর্দায় অভিনয় করতে বরাবরই ভালো লাগে। একজন অভিনেত্রী হিসেবে এটাই কাম্য। তাই এর নেপথ্যে কোনও রাজনীতি খুঁজবেন না।

এমনকী, কঙ্গনা সেসময়ে নিন্দুকদের এও মনে করিয়ে দেন যে, ‘ইমার্জেন্সি’ ছবির শুটিং তিনি সক্রিয় রাজনীতিতে আসার বহু আগেই শেষ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত