কেইন-বেলিংহ্যামদের হতাশ করে শেষ ষোলোয় স্লোভেনিয়া

আপডেট : ২৬ জুন ২০২৪, ১০:২৪ এএম

ইউরোর ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে কোলনে মঙ্গলবার রাতে স্লোভেনিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড। এই ড্রয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় সেরা দল হিসেবে শেষ ষোলোর টিকিট কেটেছে স্লোভেনিয়া। 

শক্তিতে অনেক পিছিয়ে থাকা স্লোভেনিয়ার বিপক্ষে শুরু থেকেই অগোছালো ফুটবল খেলে ইংল্যান্ড। ২০ মিনিটে ফিল ফোডেনের পাস দূরের পোস্টে পেয়ে জালে বল জড়ান বুকায়ো সাকা। তবে অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। ম্যাচের বাকি সময়েও ই্ংল্যান্ড ছন্নছাড়া ফুটবল খেলে। আর তার খেসারত হিসেবে জালের দেখা না পেয়েই মাঠ ছাড়তে হয় কেইন-বেলিংহ্যামদের। 

ফেভারিটের তকমা নিয়ে টুর্নামেন্টে এসে এখন পর্যন্ত তেমন কিছুই করতে পারেনি ইংল্যান্ড। সার্বিয়ার বিপক্ষে কোনোরকমে জয় তুলে নেয়ার পর শেষ দুই ম্যাচে ড্র করেছে তারা। পারফরম্যান্সে মলিন কেইনরা অবশ্য গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ডে যাচ্ছে। 

অন্যদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের চেয়ে ৫২ ধাপ পিছিয়ে স্লোভেনিয়া। শক্তি-সামর্থ্য কিংবা ইতিহাস কোনোকিছুই তেমন পক্ষে ছিল না দলটার। সেই স্লোভেনিয়াই এবার রুখে দিল শক্তিশালী ইংল্যান্ডকে। হ্যারি কেইন-ফিল ফোডেনদের গোলবঞ্চিত করে প্রথমবারের মতো ইউরোর দ্বিতীয় রাউন্ডে উঠেছে স্লোভেনিয়া।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করেছে সার্বিয়া-এবং ডেনমার্কও। ৩ ম্যাচে ৩ ড্র নিয়ে পরের রাউন্ডে উঠল ডেনমার্ক। আর আসর থেকে ছিটকে গেছে সার্বিয়া।

২৪ দলের টুর্নামেন্ট থেকে দ্বিতীয় রাউন্ডে যাবে ১৬টি দল। গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার আপ কোনো সমীকরণ ছাড়াই খেলবে পরের রাউন্ড। বাকি ৪ দল নির্ধারিত হবে গোল ব্যবধান, প্রাপ্ত পয়েন্ট, মোট গোল, জয়-পরাজয় এবং কার্ডের পরিমাণ ও র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে। সব দিক বিবেচনায় 'সি' গ্রুপের তৃতীয় সেরা দল হিসেবে স্লোভেনিয়া যাচ্ছে পরের রাউন্ডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত