সতীর্থদের বাঁচাতে নাইটক্লাব কাণ্ডে মিথ্যা বলেছিলাম- হ্যারি ব্রুকের স্বীকারোক্তি

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৫২ এএম

ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক স্বীকার করেছেন, নিউজিল্যান্ড সফরে একটি নাইটক্লাবের বাইরে সংঘর্ষের ঘটনায় তিনি পুরোপুরি সত্য বলেননি। সতীর্থদের রক্ষা করতেই তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন। তিনি জানান, ওয়েলিংটনে ওয়ানডে ম্যাচের আগের রাতে ঘটে যাওয়া ঘটনায় তিনি একা ছিলেন না, সঙ্গে দলের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। 

শুক্রবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রকাশিত বিবৃতিতে ব্রুক বলেন, ‘ওয়েলিংটনে আমার আচরণের দায় আমি স্বীকার করছি এবং স্বীকার করছি যে ওই রাতে অন্যরাও উপস্থিত ছিল। আগের মন্তব্যের জন্য আমি দুঃখিত। সতীর্থদের এমন পরিস্থিতিতে জড়িয়ে পড়া থেকে রক্ষা করাই আমার উদ্দেশ্য ছিল। আমি ক্ষমা চেয়েছি এবং বিষয়টি নিয়ে ভাবছি। এটি আমার ক্যারিয়ারের জন্য কঠিন সময় ছিল, তবে এখান থেকে আমি শিক্ষা নিচ্ছি।’

২৬ বছর বয়সী ব্রুক জানান, অধিনায়ক হিসেবে মাঠের বাইরের দায়িত্ব সম্পর্কে তাকে আরও সচেতন হতে হবে এবং ব্যক্তিগত ও পেশাদারিত্বের উন্নতি ঘটাতে হবে। গত অক্টোবরের ওই ঘটনার পর ব্রুককে শেষ সতর্কবার্তা দেওয়া হয় এবং ৩০ হাজার পাউন্ড জরিমানা করা হয়। ঘটনাটি ঘটে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের রাতে, অ্যাশেজ সিরিজের ঠিক আগে। তখন ব্রুকের দাবি ছিল, তিনি একাই নাইটক্লাবে গিয়েছিলেন।

গত জানুয়ারিতে প্রথমবার ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে ব্রুক বলেন, ‘আমরা কয়েকজন আগে একটু পানীয় খেতে বের হয়েছিলাম। এরপর আমি নিজেই আরও কিছুক্ষণ বাইরে থাকার সিদ্ধান্ত নিই এবং তখন একাই ছিলাম। ক্লাবে ঢোকার সময় বাউন্সারের সঙ্গে ঝামেলা হয়। শুরু থেকেই ওই পরিস্থিতিতে থাকা উচিত হয়নি।’ তিনি আরও স্বীকার করেন, ইংল্যান্ডের অধিনায়কত্ব ধরে রাখতে পারাটা তার জন্য ‘ভাগ্যের’ বিষয় ছিল।

ঘটনার সময় ব্রুকের সঙ্গে ব্যাটসম্যান জ্যাকব বেথেলসহ কয়েকজন দলের সদস্য ছিলেন বলে ভিডিওতে দেখা যায়। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যাকব বেথেল ও ফাস্ট বোলার জশ টাং নাইটক্লাবের বাইরে উপস্থিত ছিলেন। ওই দুই ক্রিকেটারকেও জরিমানা করা হয়েছে এবং ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা তাদের বিরুদ্ধে তদন্ত করছে। শ্রীলঙ্কায় প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে জয়ের পর ব্রুক এই বিবৃতি দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত