গাজায় প্রতিদিন পঙ্গু হচ্ছে ১০টি শিশু

  • গাজায় প্রতিদিন ১০টি শিশু পঙ্গু মানে হলো প্রায় ২ হাজার শিশু পা হারিয়েছে
  • কখনো কখনো অ্যানেসথেসিয়া ছাড়াই এসব শিশুর অস্ত্রোপচার করতে হয় বলছে সংস্থাটি
আপডেট : ২৬ জুন ২০২৪, ০১:৪১ পিএম

প্রায় নয় মাসের মত সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে নির্বিচারে হামলা ও আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার দেশ ইসরায়েল। আর ইসরায়েলের এই আগ্রাসনে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে উপত্যকাটির কোমলমতী শিশুরা।

গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের হামলায় প্রতিদিন ১০ জন শিশু তাদের একটি কিংবা দুটি পা হারাচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা (ইউএনআরডব্লিউএ)।

গতকাল মঙ্গলবার এ তথ্য জানায় সংস্থাটি। খবর এএফপি ও এনডিটিভি।

জাতিসংঘের এ কর্মকর্তা জানান, গাজায় প্রতিদিন ১০টি শিশু পঙ্গু হয় মানে হলো গাজায় ২৬০ দিনের বেশি সময় ধরে চলা যুদ্ধে প্রায় ২ হাজার শিশু পা হারিয়েছে।

লাজারিনি আরও বলেন, আহত শিশুদের অস্ত্রোপচারের মাধ্যমে অঙ্গচ্ছেদের ক্ষেত্রে ভয়ংকর পরিস্থিতি দেখা যায়। কখনো কখনো অ্যানেসথেসিয়া ছাড়াই অস্ত্রোপচার করতে হয়। তাঁর মতে, গাজার শিশুদের এই যুদ্ধের ‘চড়া মূল্য’ দিতে হচ্ছে।

এর আগে শিশুদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্যা চিলড্রেন জানিয়েছিল যে, গাজায় দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলের আগ্রাসনের ফলে আনুমানিক ২১ হাজার শিশু নিখোঁজ রয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছিল যে, গাজায় নিখোঁজ শিশুদের মধ্যে অন্তত ১৭ হাজার শিশু পরিবার বা সঙ্গীহীন অবস্থায় দিন কাটাচ্ছে। আর প্রায় ৪ হাজার শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে মনে করা হচ্ছে। গণকবরে ঠাঁই হওয়া শিশুর সংখ্যা কত তা জানা যায়নি বলে জানিয়েছে সেভ দ্যা চিলড্রেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত