তিন বন্দর উন্নয়ন

একসঙ্গে কাজ করবে এডি পোর্টস গ্রুপ সাইফ পাওয়ার

আপডেট : ২৬ জুন ২০২৪, ১১:৫০ পিএম

বাংলাদেশের তিন বন্দর চট্টগ্রাম, মোংলা ও পানগাঁও কনটেইনার ডিপো এবং লজিস্টিক সুবিধার উন্নয়নে একসঙ্গে কাজ করতে সংযুক্ত আরব আমিরাতের এডি পোর্টস গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড।

প্রথম বাংলাদেশি কোম্পানি হিসেবে বিদেশে শিপিং ও লজিস্টিকস খাতের কোম্পানির সঙ্গে এটাই প্রথম কোনো সমঝোতা স্মারক, যা গতকাল বুধবার আবুধাবিতে কোম্পানি দুটির শীর্ষ কর্তারা স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের শর্তাবলির অধীনে, উভয় পক্ষ যৌথ কার্যক্রম পরিচালনার জন্য চট্টগ্রাম, মোংলা ও পানগাঁও বন্দরে কনটেইনার ডিপো এবং লজিস্টিক সুবিধাগুলোর উন্নয়নে একসঙ্গে কাজ করবে। উভয় পক্ষই দক্ষতা, অধ্যয়ন, কৌশল, প্রযুক্তিগত সহায়তা এবং যৌথ কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করবে।

এমওইউতে স্বাক্ষর করেন এডি পোর্টস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ জুমা আল শামিসি এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

চট্টগ্রাম বন্দরের প্রায় ৫৮ শতাংশ কনটেইনার হ্যান্ডলিং করে দেশের একমাত্র টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক। কোম্পানিটি মোংলা ও পানগাঁও বন্দরেও কনটেইনার হ্যান্ডলিং করে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত