আগামীকাল শুক্রবার সকাল ৮টায় ঢাকার ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের অম্ল-মধুর অভিযান শেষে দেশে ফিরবে নাজমুল হোসেন শান্ত'র নেতৃত্বে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের কর্মকর্তা শাহরিয়ার নাফীস দেশ রূপান্তরকে জানিয়েছেন, টিকিট জটিলতায় দুই জন ক্রিকেটার বাদে বাকি সবাই দেশে ফিরবেন ২৮ তারিখ সকালে।
শাহরিয়ার নাফীস দেশ রূপান্তরকে জানিয়েছেন, 'শুক্রবার সকালে ক্রিকেটাররা ফিরছে। সবাই একসঙ্গেই ফিরছে তবে একদিন প্লাস-মাইনাস আছে। দুইজন মনে হয় একদিন পরে আসছে। এখানে ব্যক্তিগত কিছু নাই, টিকিটের প্রাপ্তি সাপেক্ষে একদিন পরে দুইজন আসছে।’
একই সঙ্গে এই সাবেক ক্রিকেটার জানিয়েছেন কোচিং স্টাফের সদস্যরা ক্যারিবিয়ান থেকেই ধরবেন যার যার বাড়ির পথ, তারা ছুটিতে যাচ্ছেন বিশ্বকাপ শেষে। লেগ স্পিনার মুশতাক আহমেদের সঙ্গে বিসিবির চুক্তি ছিল বিশ্বকাপ পর্যন্তই। দুই পক্ষই চুক্তি বাড়াতে আগ্রহী, জানিয়েছেন নাফীস।
সবকিছু পর্যালোচনা করে নতুন চুক্তি করতে পারে বিসিবি, ‘এটা তো প্রথম থেকেই কথা হয়ে আসছে, অবশ্যই দুই পক্ষই আগ্রহী ছিল। প্রাথমিক চুক্তিটা ছিল বিশ্বকাপ পর্যন্ত, এখন বোর্ড বিষয়টা পর্যালোচনা করে সামনে কি করা যায় সেটা দেখবে’ জানিয়েছেন নাফীস।
মেজর লিগ ক্রিকেট মাঠে গড়াচ্ছে জুলাইয়ের ৫ তারিখ থেকে। সাকিব আল হাসান খেলবেন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে। সাকিব দেশে এলেও ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে। তাকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি জানিয়েছেন নাফীস, 'ঐ সময় তো বাংলাদেশের কোনো খেলা নেই'।
২৮ জুলাই এমএলসি'র ফাইনাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাজি হলে জুলাইয়ের ২৫ থেকে আগস্টের ৬ পর্যন্ত গ্রেটার নয়ডা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, তবে আসন্ন টেস্ট সিরিজের চাপে বিসিবি চাইছে সিরিজটি পুনর্বিন্যাস করতে।
