বাবা ভারতের লোকসভার স্পিকার। কিন্তু রাজনীতির পথ বেছে নেননি কন্যা। বরং প্রথমবারের চেষ্টায় ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস কর্মকর্তা হয়েছেন ওম বিড়লার কনিষ্ঠ কন্যা অঞ্জলি বিড়লা।
কিন্তু অঞ্জলির সাফল্যের খবর জানাজানি হতেই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। নেটিজেনদের একাংশ দাবি করেন যে, ইউপিএসসি দেওয়ার সময় কোনো পরীক্ষায় বসেননি অঞ্জলি। বাবার কারণে বিনা পরীক্ষায় আইএএস হয়েছেন অঞ্জলি। তবে এই কটাক্ষের প্রতিবাদ করে অঞ্জলি বলেন, অন্যান্য পরীক্ষার্থীর মতো তিনিও পরীক্ষার সমস্ত নিয়মকানুন মেনেই আইএএস হয়েছেন।
১৯৯১ সালে অমিতা বিড়লার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন লোকসভার স্পিকার। আকাঙ্ক্ষা এবং অঞ্জলি নামে দুই কন্যাসন্তান রয়েছে তাদের। ২০১৯ সালে ইউপিএসসি পরীক্ষা দিয়েছিলেন অঞ্জলি। সেই পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০২০ সালের অগস্ট মাসে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস কর্মকর্তা হন বিড়লা-কন্যা।
ছোটবেলায় রাজস্থানের কোটার একটি স্কুলে ভর্তি করানো হয় অঞ্জলিকে। স্কুলের পড়াশোনা শেষ করার পর উচ্চশিক্ষার জন্য দিল্লি চলে যান তিনি। দিল্লি যাওয়ার পর সেখানকার একটি কলেজে ভর্তি হন অঞ্জলি। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। কলেজে পড়াকালীন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন অঞ্জলি। প্রথম বারের চেষ্টায় সেই পরীক্ষায় পাশ করেন তিনি।
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অঞ্জলি বলেন, ‘পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি খুব খুশি হয়েছি। আমার বাবাকে দেখেছি, তিনি কী ভাবে দেশবাসীর প্রতি দায়িত্ব পালন করে চলেছেন। আমিও সমাজের জন্য কিছু করতে চাই। সে কারণেই এই পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিই।’
গত বুধবার লোকসভায় স্পিকার পদের নির্বাচনে জয়ী হন ওম বিড়লা। গত লোকসভায়ও স্পিকার ছিলেন ওম বিড়লা। গত বছর শীতকালীন অধিবেশনে একই সঙ্গে ১০০ জনের বেশি সংসদ সদস্যকে সাসপেন্ড করে নজির গড়েছিলেন তিনি।
নেপালে ভূমিধসে একই পরিবারের পাঁচ জনসহ নিহত ৯