যুদ্ধের আশঙ্কার মধ্যেও একে অপরের সীমান্ত অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও লেবাননভিত্তিক শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।
এবার হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত হয়েছে দখলদার ইসরায়েলের ১৮ সেনা সদস্য। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (৩০ জুন) হিজবুল্লাহ এই হামলা চালায় বলে জানিয়েছে ইসরায়েল।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, রোববার বিকেলে গ্যালিলি এবং উত্তর গোলানে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এর মধ্যে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন মেরোম গোলান অঞ্চলে আঘাত হানে। এ সময় ১৮ সেনা আহত হয়।
আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। বাকিদের অবস্থা ভালো আছে বলে জানিয়েছে আইডিএফ।
এদিকে রোববার ইসরায়েলে ড্রোন হামলা নিশ্চিত করেছে হিজবুল্লাহ। সংগঠনটি জানায়, রোববার সকালে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।
তবে হিজবুল্লাহর এই হামলার প্রেক্ষিতে দক্ষিণ লেবাননে সোমবার সকালে হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর একটি পোস্টে ইসরায়েলি সেনা রেডিও জানিয়েছে তারা কাফার কিলা এবং আল-বায়দাসহ দক্ষিণ লেবাননের গ্রামগুলিতে ধারাবাহিক আক্রমণ শুরু করেছে।
ইসরায়েলি সেনা রেডিও জানায়, গতকাল ড্রোন হামলায় ১৮ জন ইসরায়েলি সৈন্য আহত হওয়ার পর, হিজবুল্লাহর অবস্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সন্তানের সামনেই আহত মাকে পিষে দিল ইসরায়েলি ট্যাংক