কারাগারে ‘জায়গা খালি করতে’ ৫৫ বন্দিকে মুক্তি দিল ইসরায়েল

আপডেট : ০১ জুলাই ২০২৪, ১০:০০ পিএম

চলমান গাজা যুদ্ধে আটক ৫৫ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছে আল শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়াও। অসমর্থিত সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, সোমবার কারাগারের জায়গা খালি করতে ৫৫ বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল। তবে ইসরায়েলি প্রিজন সার্ভিস বিষয়টি অস্বীকার করেছে।  

মুক্তির পর আল শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া জানান, ফিলিস্তিনি বন্দিরা প্রতিদিনই ইসরায়েলি কারাগারে নির্যাতনের শিকার হতেন। বন্দিদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হত।

গত বছরের ৭ অক্টোরর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। তখন থেকে হাজারও ফিলিস্তিনিকে আটক করেছে দেশটি। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন জানিয়েছে, ইসরায়েলের কারাগার বন্দিতে ভরে গেছে।

ইসরায়েলি বাহিনী দাবি করেছিল, হামাস আল-শিফা হাসপাতালকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। পরে সেখানে হামলা ও অভিযান চালায় দেশটি। এ সময় গ্রেপ্তার হন হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া। যদিও তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।  

এক সংবাদ সম্মেলনে মুহাম্মদ আবু সালমিয়া বলেন, কারাগারে প্রতিদিনই নির্যাতন করা হত। সেল ভেঙে পেটানো হত বন্দিদের। জিজ্ঞাসাবাদ কেন্দ্রে বেশ কয়েকজন বন্দি মারাও যায়। তারা খাবার ও ওষুধ থেকে বঞ্চিত হতেন।

কথিত নির্যাতনের কথা উল্লেখ করে মুহাম্মদ আবু সালমিয়া বলেন, রক্ষীরা তার আঙুল ভেঙে ফেলে এবং লাঠি দিয়ে মারধর করে। এছাড়াও কুকুর লেলিয়ে দেওয়া হয়। বন্দিদের কম খাওয়ানো হয় উল্লেখ করে তিনি বলেন, দুই মাস ধরে প্রতিদিন একটি রুটির বেশি পাননি। বন্দিদের ৩০ কেজি পর্যন্ত ওজন কমেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত