গাজায় ছড়িয়ে-ছিটিয়ে ইসরায়েলের অবিস্ফোরিত বোমা, মারা যাচ্ছে শিশুরা

  • গাজার ধ্বংসস্তূপের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইসরায়েলের ফেলা অবিস্ফোরিত বোমা
  • এসব বোমার কারণে মৃত্যু এবং গুরুতর আহতের মুখোমুখি হচ্ছে গাজার কোমলমতি শিশুরা
আপডেট : ০২ জুলাই ২০২৪, ০১:৪৭ পিএম

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজাতে নির্বিচারে বোমা হামলা ও গুলিবর্ষণ করে যাচ্ছে দখলদার দেশ ইসরায়েলি বাহিনী। এক সময়ের প্রাণচাঞ্চল্য ও মানুষে ভরপুর নগরীটি এখন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে।

ইসরায়েলের অব্যাহত হামলায় এখন গাজার চারপাশ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। আর সেই ধ্বংসস্তূপের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইসরায়েলের ফেলা অবিস্ফোরিত বোমা।

আর সেই বোমার কারণে মৃত্যু এবং গুরুতর আহতের মুখোমুখি হচ্ছে গাজার কোমলমতি শিশুরা। এমনটাই জানিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ)।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি শিশুরা গাজা উপত্যকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অবিস্ফোরিত বোমার কারণে মৃত্যু এবং গুরুতর আহতের মুখোমুখি হচ্ছে।

জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের তথ্য অনুসারে, যেকোন যুদ্ধে ব্যবহার করা বোমার মধ্যে অন্তত ১০ শতাংশ বোমা ও গোলাবারুদ অবিস্ফোরিত রয়ে যায় বা কাজ করতে ব্যর্থ হয়। এর মানে দাঁড়ায়, গাজায় কয়েক হাজার টন দূষিত ধ্বংসাবশেষের মধ্যে প্রচুর পরিমাণে অবিস্ফোরিত গোলাবারুদ রয়েছে।

ওসিএইচএ জানায়, গত ২৯ জুন খান ইউনিসের দক্ষিণে একটি অবিস্ফোরিত বোমার আঘাতে নয় বছর বয়সী এক মেয়ে শিশু নিহত হয় এবং তিনজন আহত হয় বলে জানা গেছে।

সংস্থাটি আরও জানিয়েছে যে, অবিস্ফোরিত বোমার সাথে জড়িত আরও দুটি সাম্প্রতিক ঘটনায় আহত হয়েছে আরও আট শিশু।

গাজার সরকারি মিডিয়া অফিসের ধারণা, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ৭৫ হাজার টন বিস্ফোরক ছুড়েছে ইসরায়েল। যার মধ্যে অনেকগুলোই অবিস্ফোরিত রয়ে গেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত