নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ বুধবার সকাল ৯টার দিকে শহরের আলাইপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ ছিল। সমাবেশে যোগ দিতে জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু বাড়ি থেকে আসছিলেন। এসময় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। এতে তার পা-হাতসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখন হয়। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের কাছে অনুরোধ করব জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হোক।
নাটোর সদর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। সকাল থেকেই আমিসহ পুলিশ সদস্যরা বিএনপির কার্যালয়ের সামনে ছিলাম। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
