প্রত্যাশা পূরণ না হলেও ‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোপার শেষ আটে নাম লিখিয়েছে ব্রাজিল। আজ কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কোচ দরিভাল জুনিয়রের দল। ম্যাচশেষে নিজের প্রতিক্রিয়ায় দরিভাল বলেছেন, ‘এটি একটি প্রক্রিয়া, যার অনেকগুলো ধাপ রয়েছে। এর কোনো ধাপ বাদ দিয়ে আপনি পরের ধাপে যেতে পারবেন না।’
গ্রুপ পর্বের মূল্যায়ন করতে গিয়ে তিনি যোগ করেন, ‘এই প্রক্রিয়ার অংশ হিসেবে কোস্টারিকার মতো ম্যাচ সামনে আসবে, প্যারাগুয়ের মতো আনন্দের মুহূর্ত আসবে, আবার কলম্বিয়ার মতো ‘মোটামুটি’ সময়ও পার করতে হবে। আমি আশা করবো দল মৌলিক বিষয়গুলোতে আরও শক্তিশালী হয়ে উঠবে। ম্যাচের ফলই আমাদের ভুল, সাফল্য এবং খুঁতগুলো ধরিয়ে দেবে।’
দায়িত্ব বুঝে নেওয়ার পর কোপার আগে মাত্র ৪টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন দরিভাল। বলেন, ‘যেকোনো দলের জন্যই এটি খুব স্বাভাবিক বিষয়। আমরা চমৎকিার প্রস্তুতি নিয়েছি। তবে একটি দল হিসেবে সব খুব খুঁটিনাটি বিষয় আওতায় আনার জন্য তা যথেষ্ট না। তাই যেকোনো সময় ভোগার সুযোগটুকুও রয়ে গেছে।’
কোয়ার্টারে উরুগুয়ের মতো দারুণ ছন্দে থাকা দলের সামনা করতে হবে ব্রাজিলকে। দুই ম্যাচে দুটি হলুড কার্ড পাওয়ায় সেই ম্যাচে ব্রাজিল পাবে না তাদের আক্রমণভাগের প্রাণভোমরা ভিনিসিয়ুস জুনিয়রকে। তারকা খেলোয়াড় ছাড়াই জেতার জন্য খেলা শিখতে হবে ব্রাজিলকে জানিয়ে দরিভাল বলেন, ‘দুঃখজনকভাবে আমরা অনেক দিন ধরেই নেইমারকে পাচ্ছি না। এবং আমাদের এটাও শিখতে হবে সব ম্যাচে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের আমরা পাবো না। অন্যদের তাই এগিয়ে আসতে হবে। এটাই একমাত্র উপায়। আমি মনে করি উরুগুয়ের বিপক্ষে আমাদের ম্যাচটি কঠিন হবে।’
কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের পর তাই নিজেদের খেলায় আরও উন্নতির জায়গা দেখছেন ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার মার্কিনহোস, ‘আমাদেরকে নিজেদের প্রতি সৎ থাকতে হবে। আমাদের আরও এগোতে হবে, অনেক উন্নতি করতে হবে। বিশেষ করে এই ধরনের বড় ম্যাচগুলোতে।’
উরুগুয়ের বিপক্ষে ভিনিসিয়ুসকে হারালো ব্রাজিল
কেন অলিম্পিকে নেই শুনুন মেসির মুখেই