একটা সময় দুজনেই খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। এখন দেশের জার্সিতে ইউরোতে দুজন দুজনের প্রতিপক্ষ। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে জার্মানি আর স্পেন। এই ম্যাচটাই টনি ক্রুসের ক্যারিয়ারের ‘শেষ ম্যাচে’ পরিণত করতে চান স্পেনের স্ট্রাইকার হোসেলু।
‘স্নাইপার’ খ্যাত জার্মান মিডফিল্ডার ক্রুস আরও আগেই ঘোষণা দিয়েছেন যে, এবারের ইউরো দিয়েই সব ধরনের পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন। ক্যারিয়ারের শেষ বেলায় দেশের হয়ে একটি শিরোপা উঁচিয়ে ধরার লক্ষ্য নিশ্চয়ই থাকবে তার। যে শিরোপার স্বাদ তিনি এখনও পাননি। ক্রুসের এই আশায় জল ঢেলে দিতে চান হোসেলু।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার রসিকতা করে বলেন, “আশা করব, এটি তার (টনির) শেষ ম্যাচ হবে। তবে ম্যাচটি এই কারণে আমাদের জন্য বিশেষ নয় যে তার মুখোমুখি হতে হবে। বরং কোয়ার্টার ফাইনালটি হবে একটি দুর্দান্ত দলের (জার্মানির) বিপক্ষে। আশা করব, শুক্রবারই টনি অবসর নিয়ে ফেলবে।”
রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলায় দুজনের মাঝে সম্পর্কটা বন্ধুত্বের। তাই ক্রুসের বিষয়ে সতীর্থদের সতর্ক করে হোসেলু আরও বলেন, “সে আমার বন্ধুতে পরিণত হয়েছে। আমি তার সঙ্গে অনেক আলোচনা করেছি এবং সে আমাকে অনেক পরামর্শ দিয়েছে। সে জার্মানির জন্য অপরিহার্য এবং রিয়াল মাদ্রিদের জন্যও সে অপরিহার্য ছিল। শুক্রবার তাকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।”
কোপায় আর্জেন্টাইন কোচদের দল গ্রুপ সেরা