মুম্বাইয়ে জনস্রোতে ভাসলেন রোহিত-কোহলিরা

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৯:৫৭ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশা ফেরার প্রায় ১৩ ঘণ্টা পর অবশেষে শুরু হলো ছাদ খোলা বাসে ভারতীয় ক্রিকেট দলের ভ্রমণ। নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতে শুরু হয় এই র‍্যালি। তবে প্রিয় তারকাদের বিশ্বকাপ ট্রফি হাতে ঐতিহাসিক র‍্যালির সাক্ষী হতে ফ্যানেদের উৎসাহ-উন্মাদনা-উদ্দীপনার কোনো খামতি ছিল না সমর্থকদের মাঝে। মুম্বাইয়ে আরব সাগরের তীরে নামে সমর্থকরদের জন সমুদ্র।

ভারতীয় ক্রিকেটারদের বিমান বৃহস্পতিবার বিকেলে মুম্বাই বিমানবন্দর ছুঁতেই দেওয়া হয় ওয়াটার ক্যানন স্যালুট। দমকলের দুটি ইঞ্জিন বিমানের দুই দিকে দাঁড়িয়ে এই ওয়াটার ক্যানন স্যালুট দেয় বিশ্বজয়ী ভারতীয় দলকে। বিমানের সামনে তিনটি গাড়ি ছিল। তার মধ্যে মাঝের গাড়িতে ছিল ভারতের জাতীয় পতাকা। বিশ্বজয়ীদের বরণ করার জন্য মুম্বাই বিমানবন্দরে ছিল বিশেষ ব্যবস্থা।

তবে বৃষ্টিতে র‍্যালি শুরু করতে কিছুটা দেরি হয়। তার সঙ্গে আরব সাগরের তীরে সমর্থকদের জনপ্লাবনের কারণে মাঝে আটকে যায় রোহিত-বিরাটদের বিজয় রথ। মুম্বাই বিমানবন্দর থেকে বাসে নরিম্যান পয়েন্টে যান রোহিত শর্মারা। সেখান থেকে ছাদ খোলা বাসে চেপে প্রায় ২ কিলোমিটার পথ পাড়ি দেওয়া শুরু করে ভরতীয় দল।

বৃষ্টিতে ভিজে গেলেও, দীর্ঘ সময় অপেক্ষার ক্লান্তি থাকলেও আরব সাগরের তীরে সমর্থকদের জনসমুদ্রে এতটুকু ভাঁটা পড়েনি। সকলেই বিশ্বজয়ী ভারতীয় দলকে একবার চোখের দেখা দেখতে চাইছে। ভারতীয় ক্রিকেটাররাও নিরাশ করলেন না ভক্তদের। নেচে-গেয়ে তাদের সঙ্গে গা ভাসালেন ক্রিকেটাররা। সেখান থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন ভারতীয় দল। সেখানে তাদের সংবর্ধনা দেবে বিসিসিআই।

প্রসঙ্গত, ভারতের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬.০৭ মিনিটে দিল্লি বিমানবন্দরে নামেন ক্রিকেটারেরা। বিমানবন্দরে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্তরা। সেখান থেকে দিল্লির হোটেলে বিশ্রামের জন্য যায় ভারতীয় দল। হোটেল থেকে বেরিয়ে পূর্বঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে যায় ভারতীয় ক্রিকেট দল। সেখান থেকে বিকেলে মুম্বাইয়ে পৌছায় ভারতীয় দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত