চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা।
আজ শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল শহরের বাইপাসনগর জলপাই এলাকায় অবস্থান করে বিক্ষোভ করছেন তারা।
এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উত্তরের পথ ও ঢাকাগামী পথ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা তাদের কর্মসূচী স্থগিত করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা কখনোই সারাদিন রাস্তায় রাস্তায় আন্দোলন করতে চাই না, আমরা পড়াশোনা করতে চাই। কিন্তু আমাদের কিছু করার নাই। কারণ যে পরিমাণ কোটা, তাতে মেধাবীরা দেশে চাকরি না পেয়ে বাইরে চলে যাবেন। দেশে সরকারি চাকরি করার আগ্রহও হারাবেন।’
টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমি শরিফ বলেন, সকাল থেকেই ছাত্ররা মহাসড়কে অবস্থান করে। শান্তিপূর্ণ অবস্থানের পর দুপুরে তারা সরে যায়। পরে মহাসড়কে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়।
