প্রয়াত রাইসির পথ অনুসরণ করতে নতুন প্রেসিডেন্টের প্রতি খামেনির আহ্বান

  • মাসুদ পেজেশকিয়ানকে স্বাগত জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি
  • রাইসির পথ অব্যাহত রাখতে নব-নির্বাচিত প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৪:৩০ পিএম

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশিকিয়ান। প্রধান প্রতিদ্বন্দ্বী কট্টর রক্ষণশীল প্রার্থী সাঈদ জলিলিকে পরাজিত করে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।

গত শুক্রবার দ্বিতীয় দফা ভোটে ৫৩ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী সাঈদ জলিলিকে ভোট পেয়েছেন ৪৪ দশমিক ৩ শতাংশ।

ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে স্বাগত জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জনগণের কল্যাণে ও দেশের উন্নয়নে প্রয়াত প্রেসিডেন্ট রাইসির পথ অব্যাহত রাখতে নব-নির্বাচিত প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার প্রেসিডেন্ট নির্বাচনের সব প্রার্থী ও নির্বাচন অনুষ্ঠানে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক বার্তা দেন খামেনি। সেখানেই এই আহ্বান জানান তিনি। গতকাল শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি।

বার্তায় আয়াতুল্লাহ খামেনি আশা প্রকাশ করেন, নির্বাচিত প্রেসিডেন্ট ইরানের সামর্থ্য অনুযায়ী দেশটির অগ্রগতি ও উন্নয়নের দিকে পদক্ষেপ নেবেন। এ সময় মাসুদ পেজেশকিয়ানের সাফল্য কামনা করে প্রয়োজনীয় সুপারিশ করেন তিনি।

এদিকে ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন যে, তিনি ইরানী জাতির সেবা করতে প্রস্তুত এবং প্রচার অভিযানের প্রতিশ্রুতি পূরণ করার অঙ্গীকার করেছেন।

এছাড়া ইরান থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা দূর করতে এবং যুদ্ধ বন্ধে কাজ করবেন বলেও জানিয়েছেন দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট। এ সময় তিনি চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের জনগণের সহায়তা কামনা করেন।  

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত