২৯ ঘণ্টায় চার সেমিফাইনাল

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৩:৪২ পিএম

১৪ জুন শুরু হয়েছিল ইউরো চ্যাম্পিয়নশিপ। এর এক সপ্তাহ পর শুরু হয় কোপা আমেরিকা। ফুটবলের সেরা ফুটবল জাতির এই দুই মহাদেশীয় টুর্নামেন্ট এখন ঠেকেছে সেমিফাইনাল পর্যায়ে। চারটি সেমিফাইনাল হবে ২৯ ঘণ্টার মধ্যে।

৯ জুলাই রাত ১ টায় ইউরোর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন-ফ্রান্স। এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালটি হবে ২৪ ঘণ্টা পর ইংল্যান্ড-নেদারল্যান্ডসের মধ্যে। মাঝে ১০ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬ টায় আর্জেন্টিনা-কানাডা খেলবে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনাল। পরের দিন একই সময়ে উরুগুয়ে-কলম্বিয়া মুখোমুখি হবে কোপার দ্বিতীয় সেমিফাইনালে।

আর্জেন্টিনা-কানাডার মতো স্পেন-ফ্রান্সেরও ‘প্রথম’ : কোপা আমেরিকার যৌথ সর্বাধিক ১৫ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সেমিফাইনাল প্রতিপক্ষ কানাডা। প্রথমবার খেলতে এসেই কানাডা সেমিতে উঠেছে। কোনো টুর্নামেন্টের সেমিতে এই দেশটির সঙ্গে তাই প্রথমবার খেলবে আর্জেন্টিনা। আন্তর্জাতিকে দেখাই হয়েছে তাদের দুবার। ২০১০-এ একটি প্রীতি ম্যাচে ৫-০ গোলে জয়ের পর চলতি কোপাতে গ্রুপে দেখায় কানাডাকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

স্পেন-ফ্রান্স এর আগে দুবার ফাইনাল (ইউরো ১৯৮৪ ও নেশন্স লিগ ২০২১) খেললেও কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে প্রথমবার। দুই ইউরোর কোয়ার্টারে দুবার মুখোমুখিতে ফ্রান্স একবার, স্পেন একবার জয় পেয়েছে। এ ছাড়া ২০০৬ বিশ^কাপ শেষ ১৬তে ফ্রান্স হারিয়েছিল স্পেনকে। সব মিলিয়ে ৩৬ মুখোমুখিতে ১৬ বার স্পেন এবং ১৩ বার ফ্রান্স জিতেছে। বাকি ৭ ম্যাচ তারা ড্র করেছে।

২৯ বছর পর আবার উরুগুয়ে-কলম্বিয়া সেমিফাইনাল : দক্ষিণ আমেরিকার দুই দেশ নিজেদের মধ্যে ম্যাচ খেলেছে ৩৮টি। ১৭ বার জিতেছে উরুগুয়ে, ১১ বার কলম্বিয়া। দুদল সেমিফাইনাল লড়েছে তিনবার। ১৯৭৫-এর কোপা আমেরিকার ডাবল লেগ সেমিতে প্রথমে উরুগুয়ে জিতলেও, পরেরটিতে জেতে কলম্বিয়া।

ফাইনালে পেরুকে হারিয়ে শিরোপা জেতে কলম্বিয়া। এর ২০ বছর পর আবার কোপার সেমিতে মুখোমুখি হয় দুদল। এবার উরুগুয়ে জিতে ফাইনালে ওঠে এবং সেখানে টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে হয় চ্যাম্পিয়ন। এ ছাড়া দুবার কোপার কোয়ার্টার ফাইনাল, একবার শেষ ১৬, একবার তৃতীয় স্থান নির্ধারীতে মুখোমুখি হয় দুদল।

ইংল্যান্ড-নেদারল্যান্ডস ‘দ্বিতীয়’ সেমিফাইনাল : ১৯০৭ থেকে চলে আসা দুদলের লড়াইয়ে একবারই সেমিফাইনাল খেলেছে তারা একে অন্যের বিপক্ষে। পর্তুগালের গিমারেসে ২০১৯ নেশন্স লিগের সেই ম্যাচে নির্ধারিত সময় ১-১ গোলে অমীমাংসিত থাকার পর ৩০ মিনিটের অতিরিক্ত সময়ে ২ গোল করে জিতে যায় ডাচরা। ৩১ ম্যাচের মুখোমুখিতে সেটিসহ ৯ ম্যাচ জিতেছে নেদারল্যান্ডস, ইংল্যান্ড জিতেছে ১৩টি। বাকি ৯ ম্যাচ হয়েছে ড্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত