দুধের গাড়ির সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১৮

  • ভারতে যাত্রীবাহী বাসের সাথে দুধের ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৮ 
  • সংঘর্ষের কারণে ঘটনাস্থলেই বাসটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়, যাত্রীরা বাস থেকে ছিটকে পড়েন 
আপডেট : ১০ জুলাই ২০২৪, ১০:১৫ এএম

ভারতের উত্তর প্রদেশের উন্নাওয়ে একটি ডাবল ডেকার যাত্রীবাহী বাসের সাথে একটি দুধের ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৯ জন।

স্থানীয় সময় বুধবার (১০ জুলাই) সকালে এ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে ডবল ডেকার যাত্রীবাহী বাসটি বিহারের সীতামারহি থেকে দিল্লি যাচ্ছিল। সে সময় লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দুধের ট্যাংকারটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বাসটি।

বাসটি দুধের ট্যাংকারটিকে এতো জোড়ে ধাক্কা মারে যে ঘটনাস্থলেই বাসটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। যাত্রীরা বাস থেকে বাহিরে ছিটকে পড়েন। 

দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে তার অফিস জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত