কবি মাকিদ হায়দার মারা গেছেন 

আপডেট : ১০ জুলাই ২০২৪, ১১:২১ এএম

সত্তর দশকের অন্যতম কবি মাকিদ হায়দার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় উত্তরার নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মাকিদ হায়দারের ছেলে আসিফ হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, আজ বিকালে পাবনায় পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হবে। এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির নজরুল মঞ্চে রাখা হবে মাকিদ হায়দারের মরদেহ। 

কবি মাকিদ হায়দার ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর পাবনার বিখ্যাত হায়দার পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। 

পাঁচ দশক ধরে সাহিত্যে একটানা ভূমিকা রেখে গেছেন মাকিদ হায়দার। নিজস্ব একটা ভাষায় কবিতা লেখেছেন, সেই ভাষা ছিল আধুনিক ও পরিমিত। তাঁর উল্লেখযোগ্য লেখার মধ্যে রয়েছে — ‘রোদে ভিজে বাড়ি ফেরা’, ‘আপন আঁধারে একদিন’, ‘রবীন্দ্রনাথ: নদীগুলা’, ‘বাংলাদেশের প্রেমের কবিতা’, ‘যে আমাকে দুঃখ দিলো সে যেনো আজ সুখে থাকে’, ‘কফিনের লোকটা’, ‘ও প্রার্থ ও প্রতিম’, ‘প্রিয় রোকোনালী’, ‘মুমুর সাথে সারা দুপুর’। 

মাকিদ হায়দার বাংলা একাডেমিসহ দেশের উল্লেখযোগ্য সাহিত্য পুরস্কারে ভূষিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত