কোটাবিরোধী আন্দোলন ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসাবে খুলনায় শিক্ষার্থীরা রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে। পূর্বঘোষণা অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বুধবার বিকাল সাড়ে ৪টা থেকে কোটা সংস্কারের এক দফা বাস্তবায়নে নগরীর সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে সড়ক অবরোধ করে। এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা মিছিল করে রূপসা ব্রিজের দিকে যায়। সন্ধ্যা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করে খুবি শিক্ষার্থী।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেড সফল করো’, ‘ব্লকেড ব্লকেড, বাংলা ব্লকেড’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এর আগে সকাল সোয়া ১০টা থেকে ১২টা পর্যন্ত নগরীর নতুন রাস্তা মোড়ে খুলনা সরকারি ব্রজলাল কলেজ (বিএল কলেজ) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে। এ সময় নতুন রাস্তা মোড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় ছাত্রদের অবরোধের মুখে পড়ে যশোরগামী একটি ট্রেন। তবে বেলা সোয়া ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক চলে যায়।
