প্রশ্নফাঁসকাণ্ডে পলাতক পিএসসির সাবেক সহকারী পরিচালক

আপডেট : ১১ জুলাই ২০২৪, ১২:০৪ পিএম

প্রশ্ন ফাঁসের সঙ্গে সরাসরি সম্পৃক্ত প্রায় ৫০ জন। যদিও ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এর মধ্যে ১৭ জনকে ইতিমধ্যেই কারাগারে পাঠানো হয়েছে। বাকি ১৪ জন পলাতক রয়েছেন। পলাতকদের মধ্যে পিএসসির সাবেক সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়ও আছেন বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে থাকা সিআইডির একাধিক কর্মকর্তা দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ফোন বন্ধ থাকার কারণে নিখিল চন্দ্র রায়ের অবস্থান শনাক্ত করতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার সম্পর্কে খুব বেশি কিছু জানাও যাচ্ছে না। চাকরিতে থাকাকালে সাবেক এই কর্মকর্তা বেশ কয়েকটি বিসিএস পরীক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ৪১তম বিসিএস পরীক্ষার সময় তিনি ইউনিট-১৩-তে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সেই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয় ১৯ মার্চ। সেদিন তিনি পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে ছিলেন।

পলাতক নিখিল চন্দ্র রায়সহ অন্যদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস বিভাগের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘তাদের গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি।’

এদিকে যারা পলাতক আছেন তারা যেন বিদেশ চলে যেতে না পারেন সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের প্রত্যেকটি বিমানবন্দরের ইমিগ্রেশন, স্থল ও সীমান্ত এলাকায় তাদের বিষয়ে জানিয়ে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে এসব তথ্য জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত