জামালপুরে প্রাইভেটকারচালক আরিফ হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সুলতান মাহমুদ এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন নারায়ণগঞ্জ জেলার নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আলী, জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকার মৃত ফারুকের ছেলে সাব্বির হোসেন, নুর হোসেনের ছেলে সবুজ হোসেন ও বাদশা মিয়ার ছেলে রবিন।
মামলার রায় থেকে জানা যায়, ২০২১ সালের ২৮ আগস্ট রাতে প্রাইভেটকারচালক আরিফ মোটরসাইকেলযোগে সদর উপজেলার মাছিমপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে হামিদপুর গ্রামের ব্রহ্মপুত্র নদের পাড়ে আরিফকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়েরের পর হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে চারজনকে গ্রেফতার করে পুলিশ।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম জানান, গ্রেফতার চারজনের মধ্যে মোহাম্মদ আলী ও মো. সাব্বির হোসেন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। বাকি দুই আসামি সবুজ হোসেন ও রবিন উচ্চ আদালতে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ দেন।
হাইকোর্টের নির্দেশে জামালপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সুলতান মাহমুদের আদালতে অভিযোগ গঠন করে ৩৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে মামলাটির বিচার সম্পন্ন করে চার আসামির উপস্থিতিতে প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মো. আবুল কাশেম তারা ও নজরুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন মাসুদা খান মজলিস তানিয়া।
দুধবিক্রেতা থেকে ডন, জয়ন্তর উত্থানের নেপথ্যে কে?