১৬৪৮৪ কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৬:৫৩ এএম

চলতি বছরের শেষ ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর) বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জি-টু-জি ভিত্তিতে ১৬ হাজার ৪৮৪ কোটি ৪৫ লাখ টাকার পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ২৭৩ কোটি ৬৭ লাখ টাকা দিয়ে ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, জি-টু-জি ভিত্তিতে প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম ৮ দশমিক ৭৫ মার্কিন ডলার, জেট ফুয়েল ১০ দশমিক ৮৮ ডলার, ফার্নেস অয়েল ৪৬ দশমিক ৭০ ডলার।

সাতটি দেশ থেকে বিভিন্ন জ্বালানি পণ্য আমদানির জন্য রেফারেন্স প্রাইস এবং প্রিমিয়ামসহ আনুমানিক মূল্য বাংলাদেশি টাকায় ১৬ হাজার ৪৮৪ কোটি ৪৫ লাখ টাকা। ১৮ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির জন্য এ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এটা আনুমানিক মূল্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত