করোনায় আক্রান্ত অক্ষয়

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১২:২৯ এএম

বলিউড অভিনেতা অক্ষয় কুমার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার তার কভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এখন নিজের বাড়িতে নিজেকে আলাদা রেখেছেন এই অভিনেতা। একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলে, “গত দুদিন ধরে শারীরিকভাবে ভালো বোধ করছিলেন না অক্ষয় কুমার। তার অভিনীত ‘সারফিরা’ সিনেমার প্রচারের কাজে বিভিন্ন জায়াগায় ভ্রমণ করছিলেন। এরপর কভিড-১৯ পরীক্ষা করান, যার ফল পজিটিভ আসে। রিপোর্ট হাতে পাওয়ার পর নিজেকে আলাদা করে রেখেছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন অক্ষয়।” তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি অক্ষয় কুমার কিংবা তার পরিবার। মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ে ছিল গতকাল শুক্রবার। বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিরা এতে যোগ দিয়েছেন। বিশ্বের নামিদামি তারকার পাশাপাশি বলিউড ও দক্ষিণী সিনেমার অধিকাংশ তারকা উপস্থিত হয়েছেন। অক্ষয় কুমারও নিমন্ত্রিত ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিয়েতে যাননি ‘খিলাড়ি’ খ্যাত এই অভিনেতা। অক্ষয় কুমার অভিনীত ‘সারফিরা’ সিনেমা গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন সুধা কোঙ্গারা। এতে অভিনয় করেছেন রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাস প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত