বগুড়ার শিবগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে মাইশা আনজুম মৌ নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ জুলাই) বিকালে শিবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহীন প্রামাণিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত মাইশা আনজুম মৌ (১৭) শিবগঞ্জ পৌর সভার তেঘরী মধ্যপাড়া গ্রামের মজনু মিয়ার মেয়ে। সে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাশ করে কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন।
মৌয়ের বাবা মজনু মিয়া জানান, শুক্রবার (১২ জুলাই) রাতে মৌ ও তার ছোটবোন মোবাশ্বিরা (০৮) রাতে একই খাটে ঘুমিয়ে ছিলেন। পরে রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় মৌয়ের পায়ে সাপ ছোবল দিলে তার চিৎকারে বাড়ির লোকজন জেগে উঠে। পরে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পৌর কাউন্সিলর শাহীন প্রামাণিক জানান, হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন বিষধর সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।
