একদিনে ১১ লাখের বেশি চারা গাছ রোপন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহর। রাজ্য সরকারের পক্ষ থেকেই চারা রোপণের আয়োজন করা হয়েছিল।
সাধারণত ভারতের সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে সুনাম রয়েছে ইন্দোরের। এবার পরিবেশ বাঁচাতে মধ্যপ্রদেশ সরকার নতুন নজির গড়ল। ২৪ ঘণ্টার মধ্যে শহরটিতে রোপন করা হলো ১১ লাখের বেশি গাছের চারা।
রোববার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, একদিনে সর্বোচ্চ সংখ্যক গাছ রোপনের জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে ইন্দোর। এরই মধ্যে ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট গ্রহণ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পরামর্শক নিশ্চল বারোট জানান, “আমরা এই রেকর্ডটি ১৩ জুলাই সন্ধ্যা ৭টায় শুরু করেছি এবং এটি ১৪ জুলাই সন্ধ্যা সাতটা পর্যন্ত অব্যাহত ছিল। কিন্তু বিকেল ৫টার মধ্যেই পুরনো রেকর্ড ভেঙে দেয় ইন্দোর।“
এর আগে একদিনে সবচেয়ে বেশি লাগানোর রেকর্ড ছিল আসামের। রাজ্যটিতে একদিনে ৯ লাখ ২৬ হাজার গাছ রোপন করা হয়েছিল।
গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃক্ষরোপন কর্মসূচির প্রচারণা করেন। এই কর্মসূচির আওতায় ভারতজুড়ে আনুমানিক ১৪০ কোটি চারা রোপণ করা হবে। এর মধ্যে সাড়ে ৫ কোটি চারা রোপণ করা হবে মধ্যপ্রদেশে। এই রাজ্যকে ভারতের ‘ফুসফুস’ বলে উল্লেখ করেছেন অমিত শাহ।
ভারতের সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হিসেবে গত কয়েক বছর ধরেই পুরস্কার জিতছে ইন্দোর। শহরটিকে এবার আদর্শ গ্রিন সিটি হিসেবে ঘোষণার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আমি মারা যেতে পারতাম: ট্রাম্প