অর্থ আত্মসাত মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৫ আগস্ট

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৫:০৮ পিএম

গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাত ও পাচারের (মানি লন্ডারিং) মামলায় নোবেল বিজয়ী ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে সাক্ষ গ্রহণ শুরু হবে আগামী ৫ আগস্ট।

আজ সোমবার (১৫ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ দিন ধার্য করেন। গত ১২ জুন ড. ইউনূসসহ অপর আসামিদের উপস্থিতিতে একই আদালত এ মামলায় অভিযোগ গঠন করে ১৫ জুলাই বিচার শুরুর আদেশ দিয়েছিল। এর ধারাবাহিকতায় গতকাল ড. ইউনূস হাজিরা দেন।

এদিন তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন আদালতকে বলেন, এ মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আগামী ২১ জুলাই আদেশ হবে। যে কারণে সাক্ষ্য গ্রহণে নতুন তারিখ ধার্যের আবেদন জানান তিনি। শুনানি নিয়ে আদালত এ তারিখ (৫ আগস্ট) ধার্য করে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

প্রসঙ্গত, শ্রম  আইন লঙ্ঘণের মামলায় চলতি বছরের ১ জানুয়ারি ড. ইউনূসসহ গ্রামীণ টেলিকমের  চারজন ঊর্ধ্বতনকে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয় ঢাকার তৃতীয় শ্রম আদালত। এ মামলায় তারা জামিনে আছেন। রায়ের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে করা আপিল বিচারাধীন।

যেভাবে বিচারের মুখোমুখি নোবেল বিজয়ী

গ্রামীন টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে ২০২৩ এর ৩০ মে ড. ইউনূসসহ প্রতিষ্ঠানটির ১২ জনের নামে মামলা করে দুদক। এ মামলার অভিযোগপত্রে অনুমোদন দেওয়ার পর গত ২৯ জানুয়ারি ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে অভিযোগপত্র দেয় দুদক। মামলার অপর আসামিরা হলেন— গ্রামীণ  টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নাজমুল ইসলাম, পরিচালক ও  সাবেক এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম, এস এম হুজ্জাতুল ইসলাম লতিফী,  আইনজীবী মো. ইউসুফ আলী, জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক—কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, ইউনিয়নের প্রতিনিধি মো. মাইনুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান। এই মামলায় গত ৩ মার্চ আত্মসমর্পণ করে জামিন পান ড. ইউনূস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত