সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ‘ভারতীয় নাগরিকদের’ গুলিতে নিহত দুই বাংলাদেশি যুবকের লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার সন্ধ্যায় লাশ দুটি হস্তান্তর করা হয়।
নিহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩০) এবং একই গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ (২৫)। গত রবিবার বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
সোমবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠকের পর লাশ দুইটি হন্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, আলী হোসেন, কাওসার আহমদ ও নবী হোসেন সীমান্তের ওপার থেকে বিভিন্ন পণ্য নিয়ে আসার জন্য রবিবার কোনো এক সময় অবৈধভবে ভারতের ভেতর প্রবেশ করেন। বিকেলে খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়াদের গুলিতে আলী ও কাওসার নিহত হয়েছেন। এর কিছুক্ষণ পর গুরুতর আহত হয়ে বাড়ি ফিরে আসেন নবী হোসেন।
কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান জানান, সোমবার সন্ধ্যার দিকে লাশ হস্তান্তর করা হয়েছে। ভারতীয় খাসিয়াদের গুলিতে এই দুইজন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, তারা মাঝেমধ্যে কাঠ ও কাঁঠাল আনতে সীমান্তের ওপারে যেতেন। আর সেখানে গিয়েই তারা নিহত হয়েছেন।
