দেশে দুই মাস পর ডেঙ্গুতে আবার এক দিনে দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা পর্যন্ত) মারা যাওয়া দুইজনের মধ্যে একজন ৬-১০ বছর বয়সী ছেলে শিশু ও অন্যজন ৪১-৪৫ বছর বয়সী পুরুষ। মারা যাওয়া দুজনের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ও অন্যজন চট্টগ্রাম বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এর আগে একদিনে সর্বোচ্চ তিনজনের মৃত্যু হয়েছিল ১৫ মে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ মাসে ডেঙ্গু রোগী হাজার ছাড়িয়ে ১ হাজার ২৭ জনে পৌঁছেছে। অর্থাৎ ১৫ দিনে ভর্তি রোগী বছরের সর্বোচ্চ রোগীর মাস জানুয়ারি ছুঁইছুঁই করছে। জানুয়ারিতে মোট ১ হাজার ৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।
অবশ্য ইতোমধ্যেই এ মাসে দৈনিক গড় রোগীর সংখ্যা বছরের অন্যান্য মাসকে ছাড়িয়েছে। জানুয়ারিতে যেখানে দৈনিক গড় রোগী ছিল ৩৪ জন, সেখানে এ মাসের গত ১৫ দিনে গড় রোগী বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। অর্থাৎ দ্বিগুণ রোগী বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। একদিনে এই ভর্তি রোগীর সংখ্যা ৬ মাস ১৮ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে এরচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছিল গত বছরের ২৭ ডিসেম্বর, ১৩৪ জন।
নতুন রোগীদের মধ্যে সর্বোচ্চ ৩৪ জন ভর্তি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ৩৩ জন চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বিভিন্ন হাসপাতালে। এরপর ২১ জন ঢাকা উত্তর সিটি করপোরেশন, ১২ জন ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে), ছয়জন বরিশাল বিভাগ, চারজন খুলনা বিভাগ ও দুইজন রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
নতুন রোগীদের মধ্যে ৬৬ জন বা ৫৯ শতাংশ পুরুষ ও ৪৬ জন বা ৪১ শতাংশ নারী। এ বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৬৭৮ জনে ও মারা গেছে ৫০ জন। রোগীদের মধ্যে পুরুষ ৬১ শতাংশ ও নারী ৩৯ শতাংশ। রোগীদের মধ্যে নারী মারা গেছে ২৭ জন বা ৫৪ শতাংশ ও পুরুষ ২৩ জন বা ৪৬ শতাংশ।
দিনভর সংঘর্ষের পর যে সিদ্ধান্ত নিল ঢাবি কর্তৃপক্ষ