চোটাক্রান্ত মেসি মাঠে ফিরবেন কবে, জানালেন নিজেই

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০১:১৪ পিএম

পায়ে চোট পেয়ে ফুলে গেছে গোড়ালি। সঙ্গে ব্যথা তো ছিলই। তাই ৬৬ মিনিটেই কোপার ফাইনালের মাঠ ছাড়তে হয় লিওনেল মেসির। ডাগআউটে বসে তাই লিওনেল মেসি ভেঙে পড়েছিলেন কান্নায়। শেষ পর্যন্ত লাউতারো মার্তিনেজের গোলে তার কান্না রূপ নেয় হাসিতে। আনহেল ডি মারিয়াকে নিয়ে তারা মেতে উঠেছিলেন উৎসবে।

উৎসব করলেও পায়ের গোড়ালির ফুলে যাওয়া ছবি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর্জেন্টিনার কোপা জয় নিশ্চিত হওয়ায় আপাতত আর দুশ্চিন্তা নেই। তবে চিন্তার ভাঁজ পড়বে ইন্টার মায়ামির। কারণ আগামী বৃহস্পতিবার টরোন্টোর বিপক্ষে খেলা মায়ামির। মেজর লিগ সকারের সেই ম্যাচে মেসিকে নিশ্চিত পাচ্ছে না তারা। পরে ২১ জুলাই শিকাগোর বিপক্ষে ম্যাচটিতেও তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা।

তাই প্রশ্ন উঠছে মেসি মাঠে ফিরবেন কবে? ইতোমধ্যে ইনস্টাগ্রামে পোস্ট করে নিজের চোট নিয়ে একটি বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

নিজের চোটের অবস্থা জানিয়ে মেসি বলেছেন, ‘আমি ঠিক আছি। ঈশ্বরকে ধন্যবাদ। আশা করছি, দ্রুতই আমি মাঠে ফিরতে পারব এবং আমি যে কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসি, সেটা উপভোগ করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত