কোটা আন্দোলনকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মিছিলে বাধা দিতে রাবার বুলেট ছুড়েছে পুলিশ। এতে দুইজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।
আহতরা হলেন, জিলা স্কুলের কামরুল হাসান সাকিব, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী তাসিম। পরে উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও কুমিল্লা জিলা স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকহাজার শিক্ষার্থী যোগ দেন।
এদিকে শিক্ষার্থীদের ওপর গুলি করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন টমছম ব্রিজ রোডে উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন। এছাড়াও বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত দুই ঘণ্টা তারা মহাসড়ক অবরোধ করে রাখেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা বিনা উস্কানিতে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে, এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করেন তাঁরা। পুলিশ ধৈর্য্যের পরিচয় দিয়েছে।
মৃত্যুর আগে ফেসবুকে যা লিখেছিলেন গুলিতে নিহত আবু সাঈদ