বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দোয়া চাইলেন দাউদ কিম

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৭:০৬ পিএম

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ কোরিয়ার গায়ক এবং ইউটিউবার কিম জায় হান বা দাউদ কিম। যিনি বিভিন্ন দেশে ঘুরে ইসলাম ধর্মে মুগ্ধ হয়ে মুসলিম হয়ে নতুন নাম গ্রহণ করে হন দাউদ কিম। বাংলাদেশেও বেশ জনপ্রিয় তিনি। চলমান এই কোটা আন্দোলনে হামলার ঘটনা ঘটায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দোয়া চাইলেন দাউদ কিম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে তিনি মঙ্গলবার বেলা ১২টা ৯ মিনিটে একটি স্ট্যাটাস দেন। যেখানে জনপ্রিয় এই ইউটিউবার লিখেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যে দোয়া করো (Pray for Bangladesh students)।

দাউদ কিম মূলত দক্ষিণ কোরিয়ার পপশিল্পী। তার মূল নাম ছিল কিম জায় হান। ইউটিউবিং করতে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন তিনি। ঘুরতে ঘুরতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তিউনিশিয়া যান। দেশগুলোতে গিয়ে ইসলাম ধর্মকে কাছ থেকে দেখে ও বুঝে তিনি আকৃষ্ট হন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। নিজের নাম রাখেন দাউদ কিম।

দক্ষিণ কোরিয়ার শেওনানে জন্মগ্রহণ করা ২৯ বছর বয়সী এই কোরিয়ান ২০২২ সালে বাংলাদেশেও এসেছিলেন। বাংলাদেশ ঘুরে তিনি ওমরাহ হজ পালন করতে যান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত