তিস্তায় ভেসে আসা মরদেহ সিকিমের সাবেক শিক্ষামন্ত্রীর  

  • সোমবার তিস্তার চর থেকে সিকিমের সাবেক শিক্ষামন্ত্রী রামচন্দ্রের মরদেহ উদ্ধার করা হয়
  • সিকিমে ভারী বর্ষণ ও তিস্তার প্রচণ্ড ঢলের পানির সাথে তার মরদেহ ভেসে আসার ধারণা সংশ্লিষ্টদের
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১০:০৯ এএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন গ্রামের তিস্তা নদীর চর থেকে ভারতের সিকিম রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী রামচন্দ্র পৌডিয়ালের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার তার পরিচয় শনাক্ত হওয়ার পর রাতেই বুড়িমারী স্থলবন্দর দিয়ে মরদেহ হস্তান্তর করা হয় ভারতীয় পুলিশের কাছে।

আদিতমারী থানার ওসি মাহমুদ-উন-নবী জানান, সোমবার তিস্তা নদীর চর থেকে অজ্ঞাত একটি লাশটি উদ্ধার হয়। নদীতে পানি কমে যাওয়ার কারণে লাশটি বালুতে আটকে ছিল। পরে পরিচয় জানার জন্য দেশের বিভিন্ন প্রান্তসহ ভারতের সাথেও যোগাযোগ হয়। পরে আজ তার হাতে থাকা ঘড়ি ও শরীরের গঠন দেখে ভারতীয় পুলিশ নিশ্চিত করে যে, সেটি রামচন্দ্র পৌডিয়ালের।

সিকিমে ভারী বর্ষণ ও তিস্তার প্রচণ্ড ঢলের পানির সাথে তার লাশ ভেসে আসতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রচারিত খবরে বলা হয়   গত ৭ জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন।

রাত পৌনে বারোটার দিকে মরদেহ হস্তান্তরের সময় মেখলিগঞ্জ মহকুমা পুলিশ কর্মকর্তা আশিষ পি সুব্বা, মেখলিগঞ্জ থানার ওসি মিঠুন বিশ্বাস, নিহতের পরিবারের পক্ষে মেয়ে জামাই নীল শেখ, আদিতমারী থানার ওসি মাহামুদ-উন-নবী, পাটগ্রাম থানার এস.আই কাওসার, বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেক পোস্টের কমান্ডার হাফিজুর রহমান সহ বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত