অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। একইসঙ্গে বুধবার (১৭ জুলাই) বিকেল ৩টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা। এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ইউজিসি থেকে সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভা করে শাবিপ্রবি প্রশাসন।
সভায় শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি হলও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। বুধবার বিকেল ৩টার মধ্যে হল ছাড়তে বলা হয় শিক্ষার্থীদের। তবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন কাজ চলমান থাকায় অফিস খোলা থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
অপরদিকে দুপুরে ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যানের বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব। তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। আমাদের কোনো শিক্ষার্থী হল ছেড়ে যাবে না।
ববিতে হল ছাড়ার নোটিস পেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ