ববিতে হল ছাড়ার নোটিস পেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০১:৫৬ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থীরা হল ছাড়ার নোটিসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (১৭ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল বঙ্গবন্ধু হলের মাঝে এ বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। 

এ সময় আবাসিক শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, আমরা হল ছাড়ব না। আমাদের এক দফা এক দাবি আদায় করে ছাড়ব। প্রশাসনের ন্যাক্কারজন সিদ্ধান্তে আমরা তীব্র নিন্দা জানাই।

সাজ্জাদ হোসেন নামে আরেক শিক্ষার্থী বলেন, আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা কর্মসূচি পালন করব। আমাদের দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাব। আমরা হল ছাড়ব না।

এ সময় শিক্ষার্থীরা ‘মানি না মানব না, হল আমরা ছাড়ব না’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না’, ‘আমাদের দাবি এক, মানতে হবে, মানতে হবে’ স্লোগান দেন।

এর আগে সরকারি নির্দেশনা অনুযায়ী আজ বুধবার থেকে বন্ধ ঘোষণা হয় বরিশাল বিশ্ববিদ্যালয়। আবাসিক হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে গতকাল মঙ্গলবার ও সোমবার দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গতকাল ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এসব ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত