নিহত ছাত্রলীগ কর্মী সবুজের বাড়িতে চলছে মাতম

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১১:১৫ পিএম

কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে নিহত হয়েছেন ঢাকা কলেজের ছাত্রলীগের সদস্য সবুজ আলী (২৩) নামের এক শিক্ষার্থী। নিহত সবুজের নীলফামারীর বাড়িতে এখন চলছে মাতম।

নিহত সবুজ মিয়া ঢাকা কলেজের স্নাতকোত্তর পরিসংখ্যান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তিনি উত্তর ছাত্রাবাসের ২০৫ নম্বর কক্ষে থাকতেন। সবুজ মিয়া নীলফামারী জেলা সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়াবাংলা বাজার গ্রামের ভ্যান চালক রহিম বাদশার ছেলে। তার মা সূর্য বানু একজন ভিক্ষুক। চার ভাই, এক বোনের মধ্যে সবুজ তৃতীয়।

আজ বুধবার সবুজের বাড়িতে গেলে গ্রামবাসী জানায়, বাবা ভ্যান চালাতে মানিকগঞ্জ গেছে। ছেলের নিহতের খবর তিনি জানেন না। বড়ভাই নুরন্নবী ঢাকায় গার্মেন্টস শ্রমিক। এক ভাই প্রতিবন্ধী। বোনের বিয়ে হয়েছে। ছোট ভাই গ্রামে কামলা খাটে। ভাঙা টিনের চাটিবেড়ার বাড়িতে মা ও ভাই বোনরা কান্নাকাটি করছে। ছেলেকে হারিয়ে মা ও একমাত্র বোন বাছিরন শুধু কাঁদছেন। বাবার ভ্যানটি বিক্রি করে কলেজের ফরম ফিলামের টাকা পাঠায় সবুজের কাছে। নিজের ভ্যান না থাকায় তিনি ১৫ দিন আগে মানিকগঞ্জ গেছেন কাজে। সবুজের মা বলছিলেন আমার ছেলের লেখাপড়ার খরচের জন্য তিনি ভিক্ষা করেন। সেই ছেলেকে হত্যা করেছে। তিনি বিচার চান। 

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ঢাকা কলেজে সবুজ প্রথমে আহত হয়। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিষয়টি ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ নিশ্চিত করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত